জয় দিয়ে শুরু হলেও, বড় জয় না পাওয়ার আক্ষেপ পোড়াবে!

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। ষষ্ঠ মিনিটেই গোলের সুযোগ তৈরি হয়। ডান দিক থেকে রাকিবের ক্রস বক্সে থাকা বিশ্বনাথ ঘোষের উদ্দেশে বাড়ানো হলেও তাঁর কাছে পৌঁছানোর আগেই বল ক্লিয়ার করেন ভুটানের ডিফেন্ডার। ফিরতি বলে বক্সের বাইরে থেকে জামাল ভুঁইয়ার জোরালো শটও আটকে যায় ভুটানের রক্ষণে।

আক্রমণাত্মক ফুটবল, একের পর এক আক্রমণ আর গোলের অসংখ্য সুযোগ। তবু ফিনিশিংয়ের দুর্বলতায় বড় জয় পাওয়া হলো না বাংলাদেশের। শেষ পর্যন্ত মোহাম্মদ ইব্রাহীমের একমাত্র গোলে ভুটানকে ১-০ ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। ষষ্ঠ মিনিটেই গোলের সুযোগ তৈরি হয়। ডান দিক থেকে রাকিবের ক্রস বক্সে থাকা বিশ্বনাথ ঘোষের উদ্দেশে বাড়ানো হলেও তাঁর কাছে পৌঁছানোর আগেই বল ক্লিয়ার করেন ভুটানের ডিফেন্ডার। ফিরতি বলে বক্সের বাইরে থেকে জামাল ভুঁইয়ার জোরালো শটও আটকে যায় ভুটানের রক্ষণে।

১৮ মিনিটে আবারও সুযোগ আসে। রাকিবের ক্রস থেকে দূরের পোস্টে পাওয়া বলে হেড নিয়েছিলেন বিশ্বনাথ, তবে তা চলে যায় পোস্টের বাইরে। ২৫ মিনিটে প্রায় ফাঁকা জায়গা থেকে বল পেয়েও জালের ঠিকানা খুঁজে পাননি তিনি। ৩৯ মিনিটে সামনে শুধু গোলরক্ষককে পেয়েও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন বাংলাদেশের এই ডিফেন্ডার। যদিও যতক্ষণ খেলেছেন সেন্ট্রাল ফরওয়ার্ড হিসেবেই খেলেছেন।

প্রথমার্ধে বাংলাদেশের আক্রমণের বিপরীতে ভুটান লক্ষ্যে প্রথম শট নিতে পারে ৪০ মিনিটে। তবে সহজেই সেটি সামাল দেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। বিরতির ঠিক আগে জামাল ভুঁইয়ার ফ্রি কিক থেকে শমিত সোম বল বাড়ালেও গোলমুখে থাকা জিদান ইউসুফ ও সাদ উদ্দিন কেউই মাথা ছোঁয়াতে পারেননি।

দ্বিতীয়ার্ধের প্রথম দশ মিনিটেও ক্রসনির্ভর আক্রমণ চালিয়ে যায় বাংলাদেশ। তবে ভুটানের জমাট রক্ষণে গোলের সুযোগ তৈরি করা কঠিন হয়ে পড়ে। অবশেষে ৬৮ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। ডান পায়ের শটে ভুটানের জাল কাঁপিয়ে বাংলাদেশকে এগিয়ে দেন মোহাম্মদ ইব্রাহীম। বিশ্বনাথ ঘোষ বদলি হওয়ার পরই আসে বাংলাদেশের এই গোল।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। আক্রমণে আধিপত্য ও সুযোগ তৈরিতে এগিয়ে থাকলেও ফিনিশিংয়ের ব্যর্থতায় জয়ের ব্যবধান বাড়ানো সম্ভব হয়নি।

গোলের সংখ্যা আরও বেশি হতে পারত, তবে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়াটাই শেষ পর্যন্ত স্বস্তি বাংলাদেশের। এবার পরবর্তী মিশন এক ঝাঁক বংশদ্ভূত খেলোয়াড় নিয়ে আসা শ্রীলঙ্কা!

 

লেখক পরিচিতি

আল ওয়াসি তালুকদার

সাব এডিটর

Share via
Copy link