টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে দ্রুততম ফিফটির তালিকায় নাম লেখালেন দাসুন শানাকা। ১৯ বলের এক ঝড় চালালেন ওমানের বিপক্ষে। ছক্কার বৃষ্টিতে ভিজিয়ে গেলেন পাল্লেকেলে।
দলীয় ১৩৭ রানের মাথায় ক্রিজে এলেন শানাকা। শরীরী ভাব যেন বলছে সেট হয়ে এসেছেন ড্রেসিংরুম থেকে। তবুও প্রথম সাত বল একটু দেখে নিলেন, মেপে নিলেন ঝড়ের সীমানা। ওই সাত বলে এলো মাত্র ছয় রান। এরপরই গতি বাড়িয়ে দিলেন।

পরের ১২ বল থেকে তুললেন ৪৪। ওর মধ্যেই দুই চার আর পাঁচ ছক্কা এসেছে। তাতেই ১৯ বল খেলে পৌঁছে গেছেন ফিফটির দুয়ারে। ২৫০ স্ট্রাইক রেটের সেই তান্ডব ওমানের বোলাররা দেখেছে অসহায় দৃষ্টিতে।
অবশ্য এর ঠিক পরেই বলেই তাঁকে ফিরতে হয়েছে সাজঘরে। ২০ বলে ৫০ রানের ইনিংস খেলে মূহুর্তেই শ্রীলঙ্কার স্কোরবোর্ডকে সমৃদ্ধ করেছেন। সেই সাথে নিজের রেকর্ডটা নিজেই ভেঙেছেন তিনি। টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার হয়ে ২০ বলে ফিফটি করার কীর্তিটা তার ছিল। এবার সেটাকেই ভাঙলেন বিশ্বকাপের মঞ্চে এসে। ১৯ বলে ফিফটি হাঁকিয়ে।

সেই সাথে শ্রীলঙ্কার ইতিহাসে আরও একবার সবচেয়ে দ্রুততম অর্ধতকের রেকর্ডটা তাঁর নামের পাশেই। শানাকার এই টর্নেডোর সুবাদে শ্রীলঙ্কার স্কোরবোর্ডে এসেছে ২২৫ রান। যা এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ।











