বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে ফিক্সিং কর্মকান্ডে জড়িত থাকার সন্দেহে নিষিদ্ধ করে হয়েছিল বেশ কিছু ক্রিকেটারকেই। যার মধ্যে ছিলেন এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেনের মতো খেলোয়াড়রাও। তবে বিপিএলে নিষিদ্ধ থাকলেও আসন্ন বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএলে) খেলার অনুমতি পেয়েছেন তারা।
বিপিএল পরবর্তী সময়ে অনুষ্ঠিত হওয়া অদম্য বাংলাদেশ ক্রিকেট লিগের দলগুলোর স্কোয়াডেও দেখা যায়নি তাদের। সেই থেকে তাদেরকে ঘিরে নতুন শঙ্কা তৈরি হয়েছিল। কবে নাগাদ এই নিষেধাজ্ঞা বহাল থাকবে সেটা নিয়েই প্রশ্ন জেগেছিল জন মনে।
তবে, বিসিএল দিয়েই মাঠে ফিরছেন তারা। তবে কোন প্রক্রিয়াতে তাদের ফেরানো হয়েছে, সেটাও প্রশ্নবিদ্ধ। পুরো বিষয়টাতেই চলছে বিরাট এক লুকোছাপা।

আসন্ন পাকিস্তান সিরিজকে কেন্দ্র করে এবারের বিসিএল ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে। একদিনের এই খেলায় আবারও মাঠে নামতে দেখা যাবে এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকতকে।
এ বিষয়ে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান মাহিন এম রহমান ক্রিকবাজকে বলেন, ‘বিপিএলের সময় বিসিবি ইন্টিগ্রিটি ইউনিটের পরামর্শে তাদের কেবল ওই বিপিএলের জন্যই বাদ দেওয়া হয়েছিল। পরের ইভেন্টগুলোতে স্বাভাবিকভাবেই তারা অন্যদের মতো অংশগ্রহণ করতে পারবে যতক্ষণ না তাদের থামানো হচ্ছে।’
তার ভাষ্যমতে নতুন করে খেলোয়াড়দের অনুমতি পত্র দেওয়ার কোন প্রয়োজন নেই। কারণ তাদেরকে কেবলমাত্র বিপিএলের একটি আসর থেকেই নিষিদ্ধ করা হয়েছিল।

এর অর্থ হল, কোন আসরে কেউ ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ে তাঁকে কেবল পরের আসরেই নিষিদ্ধ করা যাবে। এর বাইরে তাঁর ক্রিকেটে ফিরতে কোনো বাঁধা নেই। এটাই বিসিবির সো কল্ড দৃষ্টান্তমূলক শাস্তি।










