মুশতাক আহমেদের বিশেষ ক্লাস। তিন শিষ্য যথারীতি হাজির হয়েছেন। রিশাদ হোসেন, তানভীর ইসলাম এবং মেহেদী হাসান মিরাজ। এই ত্রয়ীই যে স্পিন বিভাগ সামলাবেন পাকিস্তানের বিপক্ষে। অনুশীলন চলল দীর্ঘক্ষণ। যা একটা আভাস দিয়ে রাখল, স্পিন দিয়েই রণকৌশল সাজাবে বাংলাদেশ, শেরে-বাংলা জাতীয় স্টেডিয়ামের উইকেটে যে স্পিনটাই যেকোন দলের আগ্নেয়াস্ত্র।
রিশাদের সাথেই বেশিক্ষণ সময় কাটালেন মুশতাক আহমেদ। অবশ্য সেরা ছাত্রকে একটু বেশিই কদর করবেন এটাই স্বাভাবিক বিষয়। ক্যারিয়ারের সবচেয়ে সেরা সময় যেন পার করছেন রিশাদ। সাদা বলে হয়ে উঠেছেন বাংলাদেশের তুরুপের তাস।
এই মিরপুরে বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেখানে এক রিশাদই প্রতিপক্ষকে ভেঙেচুরে চুরমার করেছিলেন। তিন ম্যাচে শিকার করেছিলেন ১২ উইকেট। পাকিস্তানের মাথাব্যথার কারণ যে এই রিশাদ তা আর বলার অপেক্ষা রাখে না।

ওই সিরিজে তানভীর ইসলামও সাফল্য পেয়েছেন। নিয়েছিলেন পাঁচ উইকেট। সমান সংখ্যক উইকেট দুই ম্যাচ খেলে নিজের ঝুলিতে পুরেছিলেন নাসুম আহমেদ, তিনি এই সিরিজের দলে নেই। তাই বাকি দায়িত্বটা মিরাজের কাধেই বর্তায়। বাকিদের ভিড় ঠেলে মিরাজের ঝুলিতে উইকেট সংখ্যা ছিল তিনটি।
মুশতাকের এই ক্লাসটা একটা আগাম বার্তা বোধহয় দিয়ে রাখল। স্পিন আক্রমণ দিয়েই পাকিস্তান বধ করবে বাংলাদেশ। পরিসংখ্যনও সেটাই বলে। মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটাই ছিল ২০২৫ সালের প্রথম এবং শেষ ওয়ানডে সিরিজ। তিন ম্যাচ সিরিজে স্পিনারদের ঝুলিতে গেছে ২৬ উইকেট, বিপরীতে পেসাররা নিয়েছেন মোটে দুটো। ভাবা যায়!
তাই তো পাকিস্তান সিরিজের জন্য স্পিনাদের প্রস্তুতি পুরোদমে চলছে। মিরপুরের মাটিতে যে এটাই বাংলাদেশকে সবচেয়ে বেশি স্বস্তি জোগাতে পারে। এখন দেখার এই ত্রয়ী কতটুকু ফলাফল আনতে পারে পরীক্ষার খাতায়।

Share via:











