টেস্টে ক্যাপ্টেন হয়ে ফেরা উচিৎ কোহলির

২০২৬ এ এসে ব্যাট হাতে অনবদ্য ফর্মকে ঘিরে আবারও বিরাট কোহলির শুভ্রবসনে ফেরার আলোচনা জন্ম হচ্ছে। সেই আলোচনায় এবার গা ভাসালেন আম্বাতি রাইডু।

ক্রিকেট যদি হয় কোনো মহাকাব্য, তবে আধুনিককালে তার সবচেয়ে রাজকীয় অধ্যায়টির নাম নিশ্চিতভাবেই ‘বিরাট কোহলি’। গত বছর যখন ক্রিকেটের আদি ও আভিজাত্যের ফরম্যাট টেস্ট ক্রিকেট থেকে তিনি নিজেকে সরিয়ে নিয়েছিলেন, তখন যেন ২২ গজের ক্যানভাস থেকে চিরচেনা এক রঙ হারিয়ে গিয়েছিল। কিন্তু ২০২৬ এ এসে ব্যাট হাতে অনবদ্য ফর্মকে ঘিরে আবারও তাঁর শুভ্রবসনে ফেরার আলোচনা জন্ম হচ্ছে। সেই আলোচনায় এবার গা ভাসালেন আম্বাতি রাইডু।

সম্প্রতি ক্রিকইনফোর একটি অনুষ্ঠানে বিরাটের অটুট ফিটনেস আর ব্যাটের ধার দেখে রাইডু বলেন, বিরাটের পারফরম্যান্সে এখন অবসরের ছিটেফোঁটাটিও নেই। আইপিএলের উদ্বোধনী ম্যাচে তাঁর এই দুরন্ত পারফরম্যান্সকে কেবল ট্রেলার বলে মনে করেন রাইডু।

তিনি আরও বলেন, ‘বিরাটের ব্যাটে আমি আরও অন্তত পাঁচ-ছয় বছরের আন্তর্জাতিক ক্রিকেট দেখতে পাচ্ছি। তার ফিটনেস নিয়ে কোনো সংশয় নেই, কেবল মানসিক প্রশান্তিই তাকে মাঠে টিকিয়ে রাখতে পারে।’ সেই প্রেক্ষিতেই বিরাটকে আবারও টেস্ট ফরম্যাটে ফেরার পরামর্শ দেন রাইডু।

রাইডু মনে করেন, কোহলিকে কেবল ফিরলেই চলবে না, তাকে ফেরানো উচিত নেতার আসনে। তার মতে, ভারতের টেস্ট ইতিহাসের সফলতম এই অধিনায়ককে আবারও দায়িত্ব দিলে তিনি নতুন এক লক্ষ্য খুঁজে পাবেন। বিশেষ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের যে আক্ষেপ কোহলির রয়ে গেছে, অধিনায়কত্ব তাকে সেই চ্যালেঞ্জ জয়ের জন্য নতুন করে ক্ষুধার্ত করে তুলবে।

কোহলি অবশ্য দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক ওয়ানডে সিরিজে সেঞ্চুরি হাঁকিয়ে স্পষ্ট জানিয়েছিলেন, তিনি আপাতত কেবল ৫০ ওভারের ক্রিকেটেই মনোনিবেশ করতে চান। কিন্তু ৩৭ বছর বয়সেও উইকেটের মাঝে তাঁর চিতার মতো দৌড় আর বলের ওপর অসামান্য নিয়ন্ত্রণ দেখে সমালোচকরাও বলতে বাধ্য হচ্ছেন, ভারতীয় ক্রিকেটের জন্য কোহলির টেস্টে না থাকাটা এক বিশাল অপূর্ণতা।

রাইডুর এই আকুতি কেবল একজন সাবেক সতীর্থের আবদার নয়, এ যেন কোটি ভক্তের হৃদয়ে জমে থাকা এক পিয়াস।ক্রিকেট অনুরাগীরাও স্বপ্ন দেখেন, কখন আবারও সেই শুভ্র পোশাকে ব্যাটের অগ্রভাগে সূর্যরশ্মি মেখে মাঠে প্রবেশ করবেন কিং কোহলি। কল্পনার আকাশ যে অবারিত, সেখানে স্বপ্ন বুনতে তো কোনো বাধা নেই।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

জীবন তড়িৎ কোষে অ্যানোডে ক্রীড়ার উন্মাদনা আর ক্যাথোডে সাহিত্যের স্নিগ্ধ নির্যাস।

Share via
Copy link