ইতালি পেরিয়ে ইংল্যান্ডের সাদা জার্সিতে!

লর্ডসের ঐতিহাসিক মাঠ থেকে শুরু করে ওভাল কিংবা ট্রেন্ট ব্রিজ, আগামী ৪ জুন থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে নজর থাকবে এমিলিও গে’র ওপর।

ভাবুন তো, যে দেশের মানুষের রক্তে ফুটবল, সেই ইতালি থেকে উঠে আসা কেউ ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেট খেলছেন! শুনতে অবিশ্বাস্য মনে হলেও, এটাই এখন বাস্তব। ফুটবলের দেশ থেকেই এবার উঠে এলেন এক ক্রিকেট নায়ক!

যার শেকড় ইতালিতে, অথচ লক্ষ্য ছিল ক্রিকেটের আঁতুড়ঘর ইংল্যান্ডের সাদা পোশাক। সব বাধা পেরিয়ে তিনি এখন থ্রি-লায়ন্সদের ডেরায়। এমিলিও গে-এর গল্পটা যেন রূপকথাকেও হার মানিয়ে দেয়। ক্রিকেটের রোমাঞ্চকর পথ বেয়ে ইতালির জার্সি গায়ে দেওয়া তরুণ এখন ইংল্যান্ডের টেস্ট স্কোয়াডে।

এমিলিও গে এর জীবন দেখলে মনে হয় তিনি যেন এক বিশ্বমানব। বাবা গ্রানাডার, মা ইতালির, আর তাঁর জন্ম ইংল্যান্ডের বেডফোর্ডে। ইতালির হয়ে টি-টোয়েন্টি আর ওয়ানডে খেললেও এমিলিওর চোখের কোণে সব সময় স্বপ্ন ছিল টেস্টের আভিজাত্যের। আর সেই স্বপ্ন সত্যি হলো কাউন্টিতে ডারহামের হয়ে তাঁর ব্যাট যখন রানের ফল্গুধারা ছোটালো। ৯২ গড় আর তিন সেঞ্চুরিতে ৫৫২ রান করে নির্বাচকদের অনেকটা যেন বাধ্য করেছেন তাঁকে দলে টানতে।

নিউজিল্যান্ড সিরিজের দলে এলিমিওর ডাক পাওয়া যেন নতুন এক যুগ শুরুর আভাস দিচ্ছে। অফ-ফর্মে থাকা জ্যাক ক্রলির বিদায়ে এমিলিও এখন ডারহামের মাঠ থেকে লর্ডসের সবুজ ঘাসে পা রাখার অপেক্ষায়। বিপিএলে রংপুর রাইডার্সের ডেরায় থাকা এই ব্যাটার এখন ইংল্যান্ডের ব্যাটিং অর্ডারের নতুন ভরসা। তাঁর ব্যাটের ধার আর রানের ধারাবাহিকতা বলছে, তিনি এখানে অতিথি হয়ে নয়, বরং আধিপত্য বিস্তার করতেই এসেছেন।

সর্বশেষ অ্যাশেজে ভরাডুবির পর ইংল্যান্ড দল এখন নতুন করে সাজানোর মিশনে। আগের সিরিজের স্কোয়াড থেকে এবার বাদ পড়েছেন সাত-সাতজন ক্রিকেটার। জোফরা আর্চার আইপিএল ব্যস্ততায় নেই, চোট কেড়ে নিয়েছে মার্ক উড আর ব্রাইডন কার্সকে।

কিন্তু, এই অভাব পূরণে ডাক পেয়েছেন সনি বেকার আর ম্যাট ফিশারের মতো তরুণ তুর্কিরা। তারুণ্য আর অভিজ্ঞতার এক মিশ্রণে ব্ল্যাকক্যাপসদের রোখার ছক কষছে ইংলিশরা। চমক আছে আরও। জেমি স্মিথের ব্যাকআপ হিসেবে সমারসেটের জেমস রেউ এবং তিনে নামার অপেক্ষায় থাকা জ্যাকব বেথেলরা যেন আগামীর ইংল্যান্ডের প্রতিচ্ছবি।

চোট কাটিয়ে অধিনায়ক বেন স্টোকসের প্রত্যাবর্তন দলে বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে। সব মিলিয়ে ইংল্যান্ডের এবারের স্কোয়াড যেন এক ঝাঁক ক্ষুধার্ত সিংহের দল, যারা ঘরের মাঠে নিউজিল্যান্ডকে চেপে ধরতে মরিয়া।

লর্ডসের ঐতিহাসিক মাঠ থেকে শুরু করে ওভাল কিংবা ট্রেন্ট ব্রিজ, আগামী ৪ জুন থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে নজর থাকবে এমিলিও গে’র ওপর। ইতালি থেকে এসে ইংল্যান্ডের হয়ে বিশ্বমঞ্চ কাঁপানোর এই গল্প কি সফল হবে? ক্রিকেট বিশ্ব এখন অপেক্ষায় সেই নতুনের জয়গান শোনার জন্য।

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link