বাবার ছায়া পেরিয়ে কতটুকু নিজের হলেন তেজনারায়ণ!

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৫ টেস্টে ২৯ ইনিংসে তেজনারায়ণের সংগ্রহ ৭৫৮ রান। পঞ্চাশোর্ধ ইনিংস মাত্র দুটি। শতকের দেখা পেয়েছেন একবার। সেই একমাত্র শতকটিও ছিল স্মরণীয়, কারণ সেটি থেমেছিল দ্বিশতকে। ক্যারিয়ারের মাত্র তৃতীয় টেস্টেই, ২০২৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ২০৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন তিনি। বাবার পরিচয়ের বাইরে নিজের সামর্থ্য জানান দেওয়ার জন্য এর চেয়ে বড় মঞ্চ আর কী হতে পারত!

শিবনারায়ণ চন্দরপলকে চেনেন না, এমন ক্রিকেটপ্রেমী খুঁজে পাওয়া কঠিন। সর্বকালের সেরা টেস্ট ব্যাটারদের আলোচনা উঠলে ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তিকে উপেক্ষা করার সুযোগ নেই। দীর্ঘ ক্যারিয়ার, অবিশ্বাস্য ধারাবাহিকতা আর উইকেটে অবিচল থাকার অনন্য ক্ষমতা তাঁকে দিয়েছে আলাদা পরিচয়। কিন্তু তাঁর উত্তরসূরি তেজনারায়ণ চন্দরপল কতটা এগোতে পেরেছেন বাবার রেখে যাওয়া সেই পথ ধরে?

বাবার পরিচয় যেমন আশীর্বাদ, তেমনি কখনো কখনো তা বড় এক চাপের নাম। বিশেষ করে যখন সেই বাবা হন শিবনারায়ণ চন্দরপলের মতো কিংবদন্তি। সেই তেজনারায়নের সামনেই এখন বাংলাদেশ দল।

প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েই জাতীয় দলের দরজা খুলেছিলেন তেজনারায়ন। পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের গৌরবময় জার্সি গায়ে জড়ানোর সুযোগ। কিন্তু সেই সুযোগের প্রতিদান কতটা দিতে পেরেছেন? জাতীয় দলে চার বছরের পথচলায় কতটা পরিণত হয়েছেন তিনি? উত্তর খুঁজতে হলে ফিরে তাকাতে হবে পরিসংখ্যানের পাতায়।

জাতীয় দলে অভিষেকের আগেই প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের সামর্থ্যের জানান দিয়েছিলেন তেজনারায়ণ। এখন পর্যন্ত ৯০ ম্যাচে ১৬৬ ইনিংসে তাঁর সংগ্রহ ৫ হাজার ১২৬ রান। রয়েছে ৯টি শতকের পাশাপাশি ২২টি অর্ধশতকের ইনিংস। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে সেই ধারাবাহিকতা ঠিক কতটুকু দেখাতে পারছেন চন্দরপল পুত্র?

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৫ টেস্টে ২৯ ইনিংসে তেজনারায়ণের সংগ্রহ ৭৫৮ রান। পঞ্চাশোর্ধ ইনিংস মাত্র দুটি। শতকের দেখা পেয়েছেন একবার। সেই একমাত্র শতকটিও ছিল স্মরণীয়, কারণ সেটি থেমেছিল দ্বিশতকে। ক্যারিয়ারের মাত্র তৃতীয় টেস্টেই, ২০২৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ২০৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন তিনি। বাবার পরিচয়ের বাইরে নিজের সামর্থ্য জানান দেওয়ার জন্য এর চেয়ে বড় মঞ্চ আর কী হতে পারত!

তেজনারায়ণ নিজের সামর্থ্যের ঝলক দেখিয়েছেন, কিন্তু সেই ঝলককে ধারাবাহিকতায় রূপ দিতে পারেননি এখনো। টেস্টে তাঁর ব্যাটিং গড় প্রায় ২৮, যাকে আপনি গড়পড়তা বলতেই পারেন।

এবার বাংলাদেশ সফরেও এসেছেন তেজনারায়ণ। প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের বিপক্ষে রান আউট হওয়ার আগে করেছিলেন ৩১ রান! বাংলাদেশের বিপক্ষে একাদশে সুযোগ পেলে শেষ অবধি কতটা আলো ছড়াতে পারেন এই ৩০ বছর বয়সী ক্রিকেটার, সেটাই এখন দেখার বিষয়।

লেখক পরিচিতি

আল ওয়াসি তালুকদার

সাব এডিটর

Share via
Copy link