টানা দুই ম্যাচে সেঞ্চুরি। ইংল্যান্ডের তরী একার কাঁধেই টেনে চলছেন বেন ডাকেট। পাকিস্তানের বিপক্ষে শতক হাঁকানোর পরের ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৭ রানের আগ্রাসী ইনিংস। ওপেনিংয়ে ইংলিশদের ভরসা জুগিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত।
আগের ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে নিজেকে উজাড় করে দিয়েছেন। লড়াই করার মতো পুঁজি এসেছিল তাঁর সেঞ্চুরিতে ভর করেই। তবে সবকিছুই ফিকে হয়েছে হেরে যাওয়ার ফলে।
শ্রীলঙ্কা এবং পাকিস্তান আগেই ফাইনাল নিশ্চিত করে ফেলেছেন। এই ম্যাচে তাই হারানোর কিছুই নেই। নিয়মরক্ষার দিনে নিজেকে আরও আগ্রাসী করে তুললেন ডাকেট।

টম বেন্টনকে সঙ্গে নিয়ে ওপেনিং জুটি থেকেই করেন ১৬৩ রান। মাঝপথে বেন্টন ফিরলেও তৃপ্তির খোঁজ পাননি ডাকেট। লঙ্কান বোলারদের ওপর আরও বেশি চড়াও হন সময়ের সঙ্গে সঙ্গে। ফলাফল, ৮৯ বলেই ক্যারিয়ারের ছয় নম্বর সেঞ্চুরিটা তুলে নেন।
ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। তবুও কি শেষ হলো ডাকেটের ঝড়? না, দলগত আক্ষেপের ক্রোধটা উগরে দিলেন। যেন তাঁকে থামানোর সাধ্য নেই কারও। দেড়শোর গণ্ডিটাও ছুঁয়ে ফেলেন। শেষমেশ থামেন ৪২ ওভারের মাথায়। তবে যা ক্ষতি করার, শ্রীলঙ্কার জন্য তা করে গেছেন।
১৩২ বলে ১৬৭ রানের অবিস্মরণীয় ইনিংস। তবে মজার ব্যাপার, একটাও ছক্কা হাঁকাননি; বরং ২৪টা চার আছে পুরোটা জুড়ে। স্ট্রাইক রেট ১২৬-এর ওপরে। ডাকেটের এমন ইনিংসে ভর করে ইংল্যান্ডও তোলে ৩৮৬ রান।











