চিরকুটে লিখেছিলেন ৫০, করলেন অপরাজিত সেঞ্চুরি!

হামজা জহুরের পকেটে ছিল ভাঁজ করা একটা কাগজ। তাতে লেখা ছিল, “আগামীকাল ম্যাচ, ৫০ ইনশাআল্লাহ!  হামজা জহুর, আমি সেরা।” শনিবার নিজের লেখা সেই চিরকুট নিয়েই রোববার ভারতের বিপক্ষে যুব এশিয়া কাপের ম্যাচে নামেন পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটার। লক্ষ্য ঠিক করাই ছিল, বাকিটা গড়ে দিল ম্যাচের পরিস্থিতি। ৫০ নয় হাঁকালেন দুর্দান্ত এক সেঞ্চুরি।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে ২০৯ রানের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তান তখন ৬১ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে। এমন সময় ক্রিজে আসেন হামজা। শুরুতে সময় নেন, বল বুঝে খেলেন, সুযোগ পেলেই সীমানা পার করেন। ষষ্ঠ উইকেটে হাসনাইন আববাস দারের সঙ্গে গড়া ১০৭ রানের জুটিতে ম্যাচের হাওয়া ঘুরে যায়। দারসহ পরপর দুজন ফিরে গেলে পুরো চাপ এসে পড়ে হামজার কাঁধে। তিনি তখনো শান্ত। স্ট্রাইক নিজের কাছে রাখার চেষ্টা করেছেন, টেল এন্ডার ব্যাটারকদের আগলে রেখে এগিয়ে যাচ্ছেন জয়ের দিকে।

শেষ দিকের উত্তেজনা ছিল আলাদা। জয় থেকে মাত্র ৪ রান দূরে, হামজা তখন ৯৬ রানে । অথচ ঈশান সুদের ওভারে স্ট্রাইকে নিকাব শফিক। দুটি ওয়াইডের পর শফিক বাকি বলগুলো কোনো রান না নিয়ে ঠেকিয়ে দেন, যাতে শতকের সুযোগটা বেঁচে থাকে হামজার জন্য। পরের ওভারের প্রথম বলেই কাব্য প্যাটেলের ফুলটস কভার দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে একসঙ্গে জয় আর শতক নিশ্চিত করেন তিনি।

এরপর ধরা পড়ল ম্যাচের সবচেয়ে মনে রাখার মতো দৃশ্য। হেলমেট খুলে গর্জন করতে করতে ছুটলেন সমর্থকদের দিকে, পকেট থেকে বের করে দেখালেন সেই চিরকুট। ৫০ লিখে নেমেছিলেন, ফিরলেন ১০০ রানে অপরাজিত থেকে।

ভারত-পাকিস্তান লড়াই মানেই বাড়তি আবেগ। সিনিয়র পর্যায়ে ভারতের বিপক্ষে পাকিস্তানের পরিসংখ্যান বহু বছর ধরেই নাজুক, তাই এই জয়ের স্বাদ একটু আলাদা। যদিও যুব এশিয়া কাপে ছবিটা উল্টো, সবশেষ ছয় মুখোমুখিতে পাঁচটিই জিতেছে পাকিস্তান।

ম্যাচ শেষে হামজা বলেন, “যেহেতু আমাকে শেষ পর্যন্ত যেতে হতো, আমার মানসিকতা ছিল শেষ পর্যন্ত থাকব আর ম্যাচটা জিতব। আমি একদম শেষ পর্যন্ত যাব।” শেষ দিকে উইকেট পড়ার সময় চাপ অনুভব করেছিলেন কি না, জানতে চাইলে বলেন, “না, তেমন চাপ ছিল না। আমি উপভোগ করছিলাম, নিজের খেলাটা খেলছিলাম আর খেলাটা উপভোগ করছিলাম।”

হয়তো এটাই তাঁর আসল শক্তি। নিজের ওপর বিশ্বাস রাখা আর পরিস্থিতি বুঝে সেরাটা দেওয়া। সেই বিশ্বাসের জোরেই ম্যাচসেরা হলেন তিনি, পাকিস্তান ভারতকে হারায় তিন উইকেটে।

Share via
Copy link