৪৩ এ গিয়ে থামল স্পেন!

ইংল্যান্ডের বিপক্ষে ৩-২ ব্যবধানে হেরে অবশেষে থামল স্পেন  ফুটবল দলের ঐতিহাসিক পথচলা। একইসঙ্গে চার বছর পর ঘরের মাঠে হারের স্বাদ পেল স্প্যানিশরা।

ইংল্যান্ডের বিপক্ষে ৩-২ ব্যবধানে হেরে অবশেষে থামল স্পেন  ফুটবল দলের ঐতিহাসিক পথচলা। একইসঙ্গে চার বছর পর ঘরের মাঠে হারের স্বাদ পেল স্প্যানিশরা। তবে এই হার দিয়ে একটা অধ্যায় শেষ হলেও, ২০২৪ সালের মার্চ থেকে শুরু হওয়া ৪৩ ম্যাচের এই যাত্রায় বিশ্ব ফুটবলে নিজেদের সেরা দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে লা রোহারা।

২০১০ সালে ফেলে আসা স্বর্ণালী যুগ যেন এরপর থেকে কোনোভাবেই ফিরে পাচ্ছিল না স্প্যানিশ ফুটবল। কিন্তু কোচ লুইস দে লা ফুয়েন্তের সুচিন্তিত ট্যাকটিকসে লামিনে ইয়ামাল ও নিকো উইলিয়ামসের মতো তরুণদের হাত ধরে যেন আবারও সেই সোনালী যুগের ছোঁয়া পেল স্পেন।

তরুণদের প্রাণবন্ত ফুটবল আর কৌশলগত শৃঙ্খলায় ভর করেই এই দীর্ঘ অপরাজেয় ধারায় আন্তর্জাতিক ফুটবলে ইতালির গড়া ৩৭ ম্যাচের আগের বিশ্বরেকর্ড ছাড়িয়ে গেছে তারা। নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে এই ৪৩ ম্যাচে স্পেনের ঝুলিতে জমা পড়েছে ৩৪টি জয় এবং নয়টি ড্র।

এই পথচলায় বৈশ্বিক মঞ্চে শ্রেষ্ঠত্বের মুকুটও ছিনিয়ে নিয়েছে স্প্যানিশরা। ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ জেতার পাশাপাশি জাতীয় দলের টানা অপরাজেয় থাকার আগের বিশ্বরেকর্ডও ভেঙে দেয় তারা।

তার আগে জার্মানিতে অনুষ্ঠিত উয়েফা ইউরো ২০২৪ শিরোপা জিতে ইউরোপের সেরার আসনে বসেছিল স্পেন। এছাড়া নেশনস লিগের গ্রুপ পর্বেও শতভাগ সাফল্যের ধারা ধরে রাখে তারা।  যদিও ২০২৫ সালের নেশনস লিগ ফাইনালে পর্তুগালের কাছে টাইব্রেকারে হারতে হয়েছিল তাদের, যা পরিসংখ্যানগতভাবে অপরাজেয় তালিকায় ড্র হিসেবে গণ্য হয়েছে।

ইংল্যান্ডের বিপক্ষে ৩-২ গোলের এই হার দিয়ে ঘরের মাঠের দীর্ঘ অপেক্ষা এবং ৪৩ ম্যাচের অপরাজেয় দৌড় শেষ হলেও, একটি সোনালী অধ্যায় গড়ে তুলে নতুন প্রত্যাশায় এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছে স্পেন।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link