সৌরভ কি কেকেআরের কোচ হচ্ছেন?

দিল্লি ক্যাপিটালসের মেন্টরের কাজ করলেও সৌরভ কখনো আইপিএলে কোচিং করাননি সরাসরি।  

কলকাতা নাইট রাইডার্সের সাথে আবারও যোগ হতে পারে সৌরভ গাঙ্গুলির নাম? অন্তত সমর্থকদের দাবিটা তেমনই।  ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) যখন শুরু হয় তখনই বাংলার রাজপুত্র সৌরভ গাঙ্গুলিকে দলে ভেড়ায় কেকেআর।

প্রথম তিন আসরে অধিনায়কের দায়িত্ব পালন করা সৌরভকে এবার দলের কোচের ভূমিকায় দেখতে চান সমর্থকেরা। যদিও, সৌরভ এখন বেঙ্গল ক্রিকেটের সভাপতির দায়িত্ব পালন করছেন।

এর আগে ছিলেন ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী সংস্থা বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) প্রধানের দায়িত্বে। দিল্লি ক্যাপিটালসের মেন্টরের কাজ করলেও সৌরভ কখনো আইপিএলে কোচিং করাননি সরাসরি।

তবে, হুট করে শাহরুখ খানের দলের কোচের ভূমিকায় তাঁর নাম শোনা যাচ্ছে কেন? বিষয়টা এমন যে কেকেআর আর পাঞ্জাব কিংসের ম্যাচ দেখতে মাঠে এসেছিলেন ভারতের এককালের অধিনায়ক। ছিলেন শাহরুখ খানও।

বৃষ্টির আঘাতে ম্যাচ পণ্ড হয়ে গেলেও এক মিলনমেলার জন্ম হয় ইডেনের বাগানে। দেখে মনে হচ্ছিল যেন পুরোনো দুই বন্ধু আবার মিলিত হয়েছেন দীর্ঘকালের পর। একসাথে তুলেছেন ছবিও।

সৌরভ-শাহরুখের ছবি নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে কেকেআর। আর তা দেখেই স্মৃতিকাতর হয়ে পড়েন অনেক সমর্থক। মন্তব্যের ঘরে দাবি জানাতে থাকেন দাদা-কে কোচ হিসেবে ফেরানোর জন্য।

চন্দ্রকান্ত পন্ডিতের পর অভিষেক নায়ার এখন কলকাতার সাজঘরের দায়িত্ব সামলাচ্ছেন। গত আসরের ব্যর্থতার পর ভালো কোনো ফলাফল দলকে এনে দিতে পারলে হয়তো জায়গা হারাতে পারেন। সে জায়গায় সৌরভ কোচ হয়ে কলকাতায় ফিরবেন কিনা তা সময়ই বলে দিবে।

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link