প্রোটিয়া ডেরায় ব্রাত্য স্মাটস বিশ্বকাপে খেলবেন ইতালির হয়ে

একসময় যাকে ভাবা হতো দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের সাদা বলের ভবিষ্যৎ, ভাগ্যের পরিহাস আর পর্যাপ্ত সুযোগের অভাবে সেই চেনা আঙিনায় তার পদচারণা থমকে গিয়েছে ২০২১ সালেই।

একসময় যাকে ভাবা হতো দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের সাদা বলের ভবিষ্যৎ, ভাগ্যের পরিহাস আর পর্যাপ্ত সুযোগের অভাবে সেই চেনা আঙিনায় তার পদচারণা থমকে গিয়েছে ২০২১ সালেই। তবে তিন বছরের দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন এই অভিজ্ঞ জেজে স্মাটস। তবে এবার আর প্রোটিয়াদের সবুজ জার্সিতে নয়, ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে দেখা যাবে ইতালির নীল জার্সিতে।

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে জেজে স্মাটস এক পরিচিত নাম। পরিসংখ্যান বলছে, প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩২ এর বেশি গড়ে ৬৩১৫ রান করেছেন তিনি। হাঁকিয়েছেন দশটি শতক আর ৩৩টি অর্ধশতক। অথচ আন্তর্জাতিক মঞ্চে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার সুযোগ পেয়েছেন সামান্যই।

মাত্র ৬টি ওয়ানডে আর ১৩টি টি-টোয়েন্টি ম্যাচেই সীমাবদ্ধ ছিল তার জাতীয় দলের ক্যারিয়ার। এবার নিজের ২০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবেন এক ভিন্ন পরিচয় নিয়ে।

সীমিত ওভারের ক্রিকেটে স্মাটসের সামর্থ্য নিয়ে কখনোই সংশয় ছিল না। কুড়ি ওভারের ক্রিকেটে তিনটি শতক ও ২৫টি অর্ধ শতক করা এই বিধ্বংসী ব্যাটার এক সময় বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যান হওয়ার স্বপ্ন দেখতেন। সেই অপূর্ণ স্বপ্নই এবার ডানা মেলতে যাচ্ছে ইউরোপের দেশ ইতালির হাত ধরে।

আসন্ন বিশ্বকাপে গ্রুপ ‘বি’ তে ইতালি মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও নেপালের সাথে। বিশ্বমঞ্চে বিশ্বমানের বাঘা বাঘা বোলারদের সামনে স্মাটসের অভিজ্ঞতা ও দক্ষতা নি:সন্দেহে ইতালিকে বাড়তি আত্মবিশ্বাস দিবে।

ক্যারিয়ারের সায়াহ্নে এসে ৩৭ বছর বয়সী এই প্রোটিয়া ক্রিকেটার আবারও আন্তর্জাতিক ক্যাপ মাথায় তোলার যে সুযোগ পেয়েছেন, নিঃসন্দেহেই মাঠে তার সদ্ব্যবহার করতে চাইবেন। জোফরা আর্চার, আদিল রশিদ কিংবা মুস্তাফিজুর রহমানের মতো বিশ্বমানের বোলারদের সামনে স্মাটসের প্রত্যাবর্তন দেখতে তাই মুখিয়ে আছে ক্রিকেটবিশ্ব।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link