মিরাজের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন মেহরাব-মোসাদ্দেক

মেহেদী হাসান মিরাজ একটা সূক্ষ্ম সুতোয় দোদুল্যমান। দিনশেষে তার নামের পাশে সংখ্যাগুলো সন্তুষ্টি ছড়ালেও, প্রতিটা ম্যাচ শেষে সমালোচনার ঝড় ওঠে। পুরোপুরি সন্তুষ্টির বর্ষণ ঘটে না। এমন পরিস্থিতিতে অধিনায়ক হওয়ার পরও মিরাজের জাতীয় দলে জায়গা হয়ে যাচ্ছে নড়বড়ে।

তবে মিরাজ যদি কখনওবা বাদ পড়েন, তাহলে বিকল্প কি? এমন একটা প্রশ্নের উদ্রেক হতেই পারে। কেননা একজন স্পিন বোলিং অলরাউন্ডার যে বাংলাদেশের ভীষণ প্রয়োজন। সেদিক থেকে বিকল্প হিসেবে আবারও নতুন করে ভাবনার দুয়ারে আঘাত করতে শুরু করেছেন মোসাদ্দেক হোসেন। তিনি ছাড়াও তরুণ মেহরব হাসান নতুন সূর্য্যের আলো বিকিরণ শুরু করে দিয়েছেন।

মাঝে মোসাদ্দেক ছিলেন না আলোচনা। সন্দেহের বলি হয়ে খেলতে পারেননি বাংলাদেশ প্রিমিয়ার লিগও। এরপর অবশ্য তিনি বিসিএল ওয়ানডেতে ফিরেছিলেন। সেখানে তার কার্যকর পারফরমেন্স নতুন করে তাকে নিয়ে ভাবতে বাধ্য করছে। একজন অফ স্পিনার, সাথে ব্যাট হাতে ফিনিশিং দক্ষতা আছে- এমন একজনকেই তো ওয়ানডে দলে প্রয়োজন বাংলাদেশের।

সেদিক থেকে মেহরবও নিজের অস্তিত্বের জানান দিচ্ছেন প্রতিনিয়ত। বা-হাতি অর্থোডক্স বোলার, ফিনিশিং টাচটাও তিনি দিতে জানেন ব্যাট হাতে। তরুণ এই ক্রিকেটারকেও তাই রাখা যায় মেহেদী হাসান মিরাজের বিকল্প ভাবনায়। মেহরব এবং মোসাদ্দেক দুইজনই জাতীয় দলের আশেপাশেই রয়েছেন। মোসাদ্দেকের অভিজ্ঞতা বিবেচনায় তাকে শেষবারের মত বাজিয়ে দেখার একটা প্রচেষ্টা হতে পারে যেকোন সময়ে।

অন্যদিকে মেহরবকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হলে, তার পেছনে খানিকটা সময় ব্যয় করতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটের প্রবল চাপের মধ্যে তাকে গড়ে ওঠার সময় দিতে হবে। নতুবা তিনিও এক সম্ভাবনার নক্ষত্র থেকে ভূপাতিত হবেন স্বপ্নের মৃত্যুর সাথে সাথে। অতএব মিরাজের স্বস্তি ক্রমশ কমছে।

দুই ধরণের বিকল্পই রয়েছে বাংলাদেশ জাতীয় দলের নির্বাচকদের হাতের নাগালে- অভিজ্ঞ সেনানীকে বাজিয়ে দেখা, তরুণ সম্ভাবনাকে তৈরি হওয়ার সময় দেওয়া। এখন দেখার বিষয় মিরাজ নিজেকে কতক্ষণ জাতীয় দলে থিতু রাখতে পারেন।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link