রুদ্ধশ্বাস পরাজয়ে হৃদয় জিতল নেপাল!

ব্রেন্ডন ম্যাককালামের চাকরিটাই যেন বাঁচিয়ে দিলেন স্যাম কারান। নেপালের স্বপ্নটা ধুলিসাৎ করে দিলেন শেষ ওভারে। পুরোটা সময় প্রতাপশালী ইংল্যান্ডের বিরুদ্ধে বীরদর্পে লড়ে যাওয়া নেপালের সঙ্গী হলো স্রেফ চার রানের আক্ষেপ।

ব্রেন্ডন ম্যাককালামের চাকরিটাই যেন বাঁচিয়ে দিলেন স্যাম কারান। নেপালের স্বপ্নটা ধুলিসাৎ করে দিলেন শেষ ওভারে। পুরোটা সময় প্রতাপশালী ইংল্যান্ডের বিরুদ্ধে বীরদর্পে লড়ে যাওয়া নেপালের সঙ্গী হলো স্রেফ চার রানের আক্ষেপ।

টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিল ইংল্যান্ড। পাঁচ রানের মাথায় বিদায় ঘণ্টা বেজে যায় ফিল সল্টের। ওটাই একপ্রকার সম্ভাবনার বীজ বুনে দেয় নেপালের মধ্যে। তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের চেনা রূপটাই দেখায় ইংলিশরা।

হ্যারি ব্রুক এবং জ্যাকব বেথেলের জোড়া ফিফটির সুবাদে বড় সংগ্রহের পথেই এগচ্ছিল তারা। শেষদিকে উইল জ্যাকসের ক্যামিও যোগ করে বাড়তি মাত্রা। ইংল্যান্ড স্কোরবোর্ডে তোলে ১৮৪ রানের বড় পুঁজি।

১৮৫ রান করতে হবে জিততে হলে। তাও আবার ইংল্যান্ডের শক্তিশালী বোলিং লাইনআপকে চ্যালেঞ্জ জানিয়ে। এটা কি এক অলীক স্বপ্ন নয়? তবে বড় হতে গেলে যে স্বপ্ন দেখতে হয়, অসম্ভবকে সম্ভব করার চেষ্টা চালাতে হয়। নেপাল সেটাই করল।

শুরু থেকেই ইংল্যান্ড বোলারদের ওপর চাপ প্রয়োগ করতে থাকে নেপাল। ভয় পেয়ে পিছিয়ে যাওয়া নয়, বরং প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক মাঠের লড়াইটা হবে চোখে চোখ রেখেই। প্রতিটা বল, প্রতিটা ওভার, সবখানেই সমান সমান লড়াই চালিয়ে গেল তারা।

অসম্ভবটা সম্ভব হবে কি? এবারের আসরের প্রথম অঘটন নেপাল ঘটিয়ে দেবে কি? এমন সব প্রশ্নই ঘোরাফেরা করতে থাকে সবার মনে। সেটা বাস্তব আকার ধারণ করে শেষদিকে এসে।

তিন ওভারে ৪৬ রানের সমীকরণ থেকে দুই ওভারে এসে দাঁড়ায় ২৪-এ। জয়ের সম্ভাবনাটা প্রবলভাবে উঁকি দিয়ে ওঠে শেষ ওভারে এসে। ১০ রান চায় জিততে হলে। নেপালের নায়ক হয়ে ক্রিজে দাঁড়িয়ে আছেন লোকেশ বাম। অসম্ভবকে সম্ভব বানানোর শেষ ধাপটাই খালি উতরে যেতে হবে তাঁকে।

তবে ভাগ্যবিধাতা সেটা হতে দিলেন না। ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের গর্জনটা শোনা গেল না আর। স্যাম কারানের অভিজ্ঞতার কাছে হার মানতে হলো লোকেশদের। চার রানের আক্ষেপ নিয়েই মাঠ ছাড়ল তারা। তাতেই হাফ ছেড়ে যেন বাঁচল ইংল্যান্ড শিবির, সেই সঙ্গে এ যাত্রায় বুঝি বেঁচে গেল ম্যাককালামের চাকরিটা।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link