বাংলাদেশের নতুন রাজা লিটন দাস

এমনকি ক’দিন বাদেই বনে যাবে টি-টোয়েন্টির আন্তর্জাতিক ময়দানে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। ছাড়িয়ে যাবেন খোদ সাকিব আল হাসানকে। সিংহাসন অপেক্ষায় আছে নতুন রাজার।

লিটন দাস যতক্ষণ ক্রিজে থাকেন, ওই সময়টার চেয়ে দৃষ্টিসুখকর আর কিছু নেই। ধারাভাষ্যে বলে ফেললেন রাসেল আর্নল্ড। অফ স্ট্যাম্পের বেশ বাইরের বলে জায়গা নিয়ে ড্রাইভ করলেন। বল শাই করে বেড়িয়ে গেল বাউন্ডারিতে, পারফেক্ট শট, দারুণ টাইমিং। ছবির মত সুন্দর শট।

হংকংকের বিপক্ষে বাংলাদেশের প্রমাণের কিছু ছিল না। লিটন দাসের তো আরও নয়। তবে, আবুধাবির মাটিতে লিটন দাসের এই ইনিংসটা একটু অন্যরকম। এই ইনিংস ঠিক ছবির মত সুন্দর নয়, তবে পরিপূর্ণ এক অ্যাঙ্কর রোলের ইনিংস। ৩৯ বলে ৫৯ রান করেন।

যখন আউট হন, ততক্ষণে বাংলাদেশের জয় নিশ্চিত হয়ে গেছে। পঁচা শামুকে পা কাঁটার হাত থেকে রক্ষা পেল বাংলাদেশর। প্রতিপক্ষের মন্থর গতির বোলিংয়ের সামনে যখন বাকি ব্যাটাররা ব্যাটে-বলে করতে হিমশিম খাচ্ছিলেন লিটন তখন খেললেন ১৫১.২৮ স্ট্রাইক রেটের ইনিংস।

এই ইনিংসটার জন্যই বাংলাদেশের জয়টাকে এতটা মসৃণ মনে হয়েছে। সহজ জয়ই পেয়েছে বাংলাদেশ, যদিও শৃঙ্খলাবদ্ধ হংকং দলের কারণে ঘাম ঝরেছে। লিটন দাস আর তাওহীদ হৃদয়ের জুটি শেষ পর্যন্ত বাংলাদেশকে জয় এনে দিয়েছে। ৯৫ রানের জুটি। এর মধ্যে হৃদয় করেছেন মাত্র ৩৪ রান। লিটনের ইনিংসটার গুরুত্ব বোঝাতে এটুকু বললেই চলে।

এই মুহূর্তে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা ব্যাটার লিটন দাস। শেষ চার ইনিংসের মধ্যে তিনটিতে তাঁর হাফ সেঞ্চুরি। সর্বশেষ ম্যাচে ফিফটির মাইলফলকে পৌঁছান মাত্র ৩৩ বলে। পরিপূর্ণ এক অধিনায়ক-সুলভ ইনিংস।

ছক্কার ঝড় তোলার মানুষ তিনি নন—এমনটা প্রায়ই বলা হয় লিটন দাসকে নিয়ে। তিনি মূলত প্লেসমেন্ট আর টাইমিং নির্ভর ব্যাটার। কিন্তু পরিসংখ্যানের কড়ায় গণ্ডায় হিসেব বলছে ভিন্ন কথা। হংকংয়ের বিপক্ষে ইনিংসে মাত্র একবারই আকাশে তুলেছিলেন বল, কিন্তু সেই একবারই লিখে দিলেন নতুন ইতিহাস।

৬ চার আর ১ ছক্কায় সাজানো ৫৯ রানের ইনিংস শেষ হয়েছে আউট হয়ে। তবে সেই এক ছক্কাই লিটনকে এনে দিয়েছে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সর্বাধিক ছক্কার মালিকানার গৌরব। এখন তাঁর নামের পাশে ৭৮ ছক্কা, পেছনে পড়ে গেছেন দীর্ঘদিনের রেকর্ডধারী মাহমুদউল্লাহ, যার ছক্কার সংখ্যা ৭৭।

ছক্কা হয়তো লিটনের ব্যাটিং পরিচয়ের প্রধান রঙ নয়, কিন্তু সময়ের সঙ্গে তিনিই প্রমাণ করে দিচ্ছেন—বাংলাদেশের টি–টোয়েন্টি আকাশে সবচেয়ে উঁচুতেই তাঁর ছোঁয়া। এমনকি ক’দিন বাদেই বনে যাবে টি-টোয়েন্টির আন্তর্জাতিক ময়দানে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। ছাড়িয়ে যাবেন খোদ সাকিব আল হাসানকে। সিংহাসন অপেক্ষায় আছে নতুন রাজার।

Share via
Copy link