মাত্র ছয় রানের আক্ষেপ, ম্যাজিকাল ফিগার ছুঁতে পারেননি ইশান কিশান। তবুও ব্যাট হাতে অপরাজিত ৯৪ রানের ইনিংসটা হয়তো কোনো আফসোসের গল্প লিখবে না।
ব্যাট হাতে সাবলীল ইশান কিশান যেন নিঃশব্দে জানান দিলেন নিজের অস্তিত্বের। দুর্দান্ত সব শটে চিরচেনা পাওয়ার ক্রিকেটে নিজের সক্ষমতার ছাপটা রাখলেন আরও একবার। আরও একবার আসরের শেষটাতে নিজেকে প্রমাণ করলেন।
৪৮ বলে ৯৪ রান করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বোলারদের শাসন করেছেন। ইনিংস সাজিয়েছেন সাতটি চার এবং পাঁচ ছয়ের সাহায্যে। ১৯৫ স্ট্রাইক রেট জানান দেয় কতটা ভয়ংকর হয়ে উঠেছিলেন আরসিবির বোলারদের বিপক্ষে। তাই তো ইশানের ঝড়ো ইনিংসে ২৩১ রানের বড় সংগ্রহ পায় হায়দরাবাদ।

নতুন দলের জার্সি গায়ে শুরুটা দারুণ করেছিলেন ইশান। তবে মাঝপথে নিজেকে হারিয়ে খুঁজেছেন। ধারাবাহিকতার অভাবে নিজে যেমন আফসোস বাড়িয়েছেন তেমনই দলের বিপর্যয়টাও চোখের সামনে দেখেছেন। ফলাফল—গতবারের ফাইনাল খেলা দলটা এবারের আসরে প্লে-অফের রাস্তা খুঁজে পায়নি।
ইশান কিশান এবারের আসরে খেলেছেন ১৩ ম্যাচ, করেছেন ৩২৫ রান। প্রথম ম্যাচেই পেয়েছিলেন সেঞ্চুরির দেখা, এরপর ধারাবাহিকতার অভাবে কেটেছে পুরোটা সময়। তবে শেষবেলাতে এসে শুরুর ছাপটাই দিয়ে রাখলেন তিনি।
দুটো বল খেলতে পারলে হয়তো তিন অঙ্কের ম্যাজিকাল ফিগারের ছোঁয়া পেতেন। তবে আফসোস হয়তো এখানেও নয়, এবারের আসরে দলের বিপর্যয়ের সাক্ষী হওয়াটাই বেশি পোড়াবে ইশান কিশানকে।












