তামিম বনাম তামিম, অগ্রজের পদাঙ্কে অনুজ

তামিমের পরিবর্তে তামিম, এখন প্রশ্ন হচ্ছে, তামিমের পরিবর্তে তামিম ভাল নাকি খারাপ বিকল্প?

প্রকৃতি নাকি শূন্যস্থান শূন্য রাখে না। নামে-বেনামে, কখনো খারাপ কিংবা কখনো ভাল বিকল্প দিয়ে পূর্ণ করে শূন্যস্থান। এই যেমন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে তামিম ইকবালের প্রস্থানে তৈরি হওয়া ফাঁকা জায়গায় এসেছেন তানজিদ হাসান তামিম। তাই বলে তামিমের পরিবর্তে তামিম? এখন প্রশ্ন হচ্ছে, তামিমের পরিবর্তে তামিম ভাল নাকি খারাপ বিকল্প?

ভাল খারাপের মানদণ্ডে এখনই তানজিদ তামিমকে ফেলে দেওয়া কঠিন। তবে তামিম ইকবালের সাথে তার একটা পরিসংখ্যানগত তুলনা টানলেই হয়ত পরিষ্কার একটা ধারণা পাওয়া যাবে- জুনিয়র তামিম আছেন কোন পথে। এক্ষেত্রে অবশ্য বিবেচিত হচ্ছে সাদা বলের দুইটি ফরম্যাট।

তানজিদ তামিম এখন অবধি ৩১টি ওয়ানডে খেলেছেন বাংলাদেশের জার্সিতে, টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৪৫টি। ওয়ানডে ফরম্যাটে রানের বিচারে তানজিদ তামিম পিছিয়ে আছেন সিনিয়র তামিমের তুলনায়। ৮৭১ রানের বিপরীতে জুনিয়র তামিমের রান ৭৩৩। স্বাভাবিকভাবে গড়েও সিনিয়র তামিম এগিয়ে, ২৮.০৯ সংখ্যা নিয়ে।

তানজিদ তামিমের স্ট্রাইকরেট ১০২.০৪, সিনিয়র তামিমের প্রথম ৩১ ওয়ানডেতে স্ট্রাইকরেট ছিল ৬৯.০১। যদিও এক্ষেত্রে সময়ের চাহিদার বিস্তর ফারাক একটা অনেক বড় কারণ। সময়কে মাথায় রেখে ছক্কা হাঁকানোর দিক থেকেও ছাড় দেওয়া যায় সিনিয়র তামিমকে। তার ১১ ছক্কার বিপরীতে তানজিদের ছক্কা সংখ্যা ২৮।

রান ও গড়ের হিসেবে আবার জুনিয়র তামিমকেও ছাড় দেওয়া প্রয়োজন। কেননা তাকে যে ক্যারিয়ারের শুরুতেই ছুড়ে দেওয়া হয়েছিল অগ্নিকূন্ডে। এশিয়া কাপ ও বিশ্বকাপের মত মঞ্চে শুরুর দিনগুলো কাটিয়েছেন তানজিদ তামিম। যার খেসারত যাকে দিতে হয়েছে বাজে পারফরমেন্সের কারণে তুমুল সমালোচনা সহ্য করে।

কিন্তু টি-টোয়েন্টিতে সমালোচনার সেই জায়গাটা অবশ্য তানজিদ তামিম রাখেননি। সব দিক থকেই তিনি এগিয়ে আছেন তার অগ্রজ তামিম ইকবাল খানের তুলনায়। ৪৫ ম্যাচে তামিম ইকবালের রান ছিল ১০৮ স্ট্রাইকরেটে ৮৪৬। তানজিদ তামিম ১২৮ স্ট্রাইকরেটে সংগ্রহ করেছেন ১১২০ রান।

তানজিদ তামিমের নামের পাশে শোভা পাচ্ছে ১১ খানা ফিফটি। তামিম ইকবালের জন্য সংখ্যাটা মোটে তিন। আর ছক্কার হাঁকানোর অনুপাত ১৩:৫২। তামিম ইকবালের চাইতে ঠিক ঠিক চার গুণ বেশি ছক্কা হাঁকিয়েছেন তারই অনুজ তানজিদ তামিম।

এই ক্ষুদ্র পরিসংখ্যানে তুলনায় অন্তত এটা বলে দেওয়া যায়- তানজিদ তামিম আছেন সঠিক পথেই। তার স্রেফ প্রয়োজন ধারাবাহিকতা। কেবল তবেই বলা যেতে পারে, প্রকৃতি যথার্থ কিংবা অধিকতর ভাল বিকল্প দিয়ে পূর্ণ করেছে তামিম ইকবালের শূন্যস্থান। যদিও এখনও যথার্থ বিকল্প বলতে দ্বিধা নেই কোন।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link