এতদিন ধরে বুকের মধ্যে একটু একটু করে বাড়ছিল রাগ। ব্যাটে রান আসছে না, দলও ভালো ফর্মে নেই। গুজরাট টাইটান্সকে সামনে পেয়ে তাই তো সব উগরে দিলেন তিলক ভার্মা। তুলে নিলেন আইপিএলে নিজের প্রথম সেঞ্চুরি।
আগের ৫ ইনিংস খেলে মাত্র ৪৩ রান। বার বার মাথা নিচু করে ফিরে যেতে হয়েছে সাজঘরে। ভারতের জার্সি গায়ে যে আধিপত্য দেখান সেসবের কোনোটাই দেখা যাচ্ছিল না এবারের আসরে।
কিন্তু, সূর্যকে সবসময় মেঘের আড়ালে লুকিয়ে রাখা যায় না। নিজের আলো নিয়ে সে একসময় না একসময় ঠিকই বের হয়ে আসে প্রকাশ্যে। আজ যেন সেই সূর্য হয়ে গিয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের এই বাঁহাতি ব্যাটার।

একের পর উইকেট পড়তে থাকায় ক্রিজে আসতে হয়েছে পাওয়ারপ্লের মধ্যেই। এরপরই দলের ভার যেন পুরোটা তিলক নিয়ে নেন নিজের দুই কাঁধে। এনে দিয়েছেন ১৯৯ রানের লড়াকু সংগ্রহ।
গুজরাটের যেই বোলারই সামনে এসেছে, হেলায় উড়িয়ে দিয়েছেন সবাইকেই। ইনিংসের শেষ বলে চার মেরে তুলে নেন সেঞ্চুরি। ৪৫ বল খেলার পথে ছক্কা মেরেছেন সাতটি, সাথে ছিল আটটি চার।
রান আসছিলো না একেবারেই। সেজন্য বাতাসে ভাসছিলো শক্তিমত্তা নিয়ে নানা প্রশ্ন। সেঞ্চুরি করে সেই সব প্রশ্ন আর সন্দেহের জবাব দিলেন তিলক ভার্মা।











