ভয়হীন চিত্তের প্রলয়ঙ্করী এক কিশোর

বুমরাহ যেন কিশোর বৈভবের কাছে হয়ে উঠলেন স্রেফ এক খেলার পুতুল। ম্যাচ শেষে পরাজিত অধিনায়ক হার্দিক পান্ডিয়াও ভুললেন না বৈভবের জয়গান গেতে।

বোলিং প্রান্তে আধুনিককালের ভারতের সবচেয়ে প্রলয়ঙ্করী বোলার, আর ব্যাট হাতে ভারতের ভবিষ্যৎ মনে করা ১৫ বছরের এক তরুণ। জাসপ্রিত বুমরাহ – যাকে দেখে ভারতে বৈভব সুরিয়াভানশির প্রজন্ম বোলিং প্রেমে পড়েছে, যাকে সমীহ করেন বিশ্বের বাঘা বাঘা সব ব্যাটার। সেই বুমরাহই যেন কিশোর বৈভবের কাছে হয়ে উঠলেন স্রেফ এক খেলার পুতুল। ম্যাচ শেষে পরাজিত অধিনায়ক হার্দিক পান্ডিয়াও ভুললেন না বৈভবের জয়গান গাইতে।

বৃষ্টির বাধায় ১১ ওভারে নেমে আসা ম্যাচে রাজস্থান রয়্যালসের ইনিংস তখন টগবগিয়ে ফুটছে। ঠিক তখনই শুরু হলো সেই অসম দ্বৈরথ। জাসপ্রিত বুমরাহর মতো বোলিং জিনিয়াসকে প্রথম মুখোমুখিতেই অবলীলায় গ্যালারিতে আছড়ে ফেললেন বৈভব। এক ওভারেই জোড়া ছক্কা! মাত্র ১৪ বলের উপস্থিতিতে ৩৯ রানের এক টর্নেডো বইয়ে দিলেন এই কিশোর।

ক্রিকেটের এই বিস্ময়বালকের বিস্ময়ে বিস্মিত পরাজিত অধিনায়ক হার্দিক পান্ডিয়াও। ম্যাচ শেষ হতেই তিনি ছুটে গেলেন প্রতিপক্ষের সেই ১৫ বছরের যোদ্ধার কাছে। পিঠ চাপড়ে দিলেন, বিনিময় করলেন সৌজন্য। মাইক্রোফোন হাতে নিয়েও কার্পণ্য করলেন না সুরিয়াভানশির প্রশংসায়।

হার্দিক বলেন, ‘এক কিশোরকে এভাবে খেলতে দেখা সত্যিই চমৎকার। আমরা ম্যাচের প্রস্তুতি নেওয়ার সময় তাকে নিয়ে অনেক আলোচনা করেছিলাম। কিন্তু ও সব ছাপিয়ে গেছে। ওর এই ভয়ডরহীন ক্রিকেটই আগামীর সম্পদ।’

টস জিতে রাজস্থানকে ব্যাটিংয়ে পাঠিয়ে যেন মৌচাকে ঢিল ছুড়েছিল মুম্বাই। যশস্বী জয়সওয়াল এবং বৈভব সুরিয়াভানশির ওপেনিং জুটি ১১ ওভারের ম্যাচে ৮০ রানের এক বিধ্বংসী ভিত গড়ে দেয়। জয়সওয়াল ছিলেন আরও বেশি ভয়ঙ্কর – ৩২ বলে ৭৭ রানের অপরাজিত এক ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ১০টি চার ও চারটি দৃষ্টিনন্দন ছক্কার মার। নির্ধারিত ১১ ওভারে তিন উইকেটে ১৫০ রানের বিশাল পুঁজি দাঁড় করায় রাজস্থান।

ম্যাচের সংখ্যাতত্ত্ব হয়তো বলবে রাজস্থান ২৭ রানে জিতেছে, কিন্তু জয়পুরের আকাশ কাল রাতে সাক্ষী ছিল এক নতুন নক্ষত্রের উদয়লগ্নের। জাসপ্রিত বুমরাহর মতো মহীরুহকে শাসন করা কোনো সাধারণ ঔদ্ধত্য নয়। আইপিএলে বুমরাহর বিপক্ষে বৈভবের ছক্কা এখন জস বাটলার, ডেভিড ওয়ার্নার এমনকি ক্রিস গেইল থেকেও বেশি। এই বয়সেই এমন নির্ভীক ব্যাটিংয়ের প্রংশসা করতে তো সবাই বাধ্য।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

জীবন তড়িৎ কোষে অ্যানোডে ক্রীড়ার উন্মাদনা আর ক্যাথোডে সাহিত্যের স্নিগ্ধ নির্যাস।

Share via
Copy link