রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৫৫ রানে হারিয়ে মাঠ মেতেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। কিন্তু ম্যাচের সব আলো আর উন্মাদনা এক নিমেষে কেড়ে নিলেন বিরাট কোহলি এবং ট্রাভিস হেড। ম্যাচ শেষের প্রথাগত করমর্দনের সময় হেডের বাড়িয়ে দেওয়া হাত সম্পূর্ণ উপেক্ষা করে গেলেন কোহলি।
দলের অধিনায়ক প্যাট কামিন্সের সাথে বেশ হেসেই করমর্দন করেন বিরাট। কিন্তু ঠিক তার পরেই দাঁড়িয়ে থাকা হেড যখন সৌজন্যের হাত বাড়িয়ে দেন, কোহলি তখন হেডের দিকে এক পলকও তাকাননি। তাকে পুরোপুরি এড়িয়ে সোজা সামনে হেঁটে চলে যান।

হঠাৎ কেন এই চরম তিক্ততা? ভেতরের খবর হলো, আরসিবির রান তাড়ার সময় ক্রিজে নেমেই হেডকে লক্ষ্য করে স্লেজিং শুরু করেছিলেন কোহলি। চলতি মৌসুমে বেশ কিছু ম্যাচে হেডকে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে খেলানো বা মাঝপথে তুলে নেওয়ার বিষয়টিকে ইঙ্গিত করে মাঠেই অঙ্গভঙ্গি করেন বিরাট। উপহাসের সুরে হেডকে উদ্দেশ্য করে বলেন, ‘এসো, দুই একটা বল অন্তত করে যাও’।
তবে বিরাটের এই স্লেজিং শেষ পর্যন্ত তাঁর নিজের ওপরই কাল হয়ে দাঁড়ায়। মাত্র ১১ বলে ১৫ রান করে যখন তিনি আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছিলেন, তখন সুযোগ হাতছাড়া করেননি হেডও। কোহলির পাশ ঘেঁষে অজি ব্যাটার বলেন, ‘আমি বল হাতে তুলে নেওয়ার সুযোগ পাওয়ার আগেই তো তোমার ইনিংস শেষ হয়ে গেল!’ মাঠের এই কথার লড়াই-ই ম্যাচ শেষে রূপ নেয় হাত না মেলানোর চরম জেদে।

বিরাট কোহলি মাঠে বরাবরই আগ্রাসী এবং অতি-আবেগী। তবে মাঠের উত্তাপ ম্যাচ শেষেও টেনে আনাকে সহজভাবে নিচ্ছেন না ক্রিকেট বিশেষজ্ঞরা।











