অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ!

নতুন অধিনায়কের নেতৃত্বে নতুন মিশন, ভারতের অ্যাসাইনমেন্ট এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ। পার্থে শুরু হতে যাওয়া প্রথম ম্যাচে ভারতের একাদশ কেমন হবে, তা নিয়েই থাকছে আজকের আলোচনা।

নতুন অধিনায়কের নেতৃত্বে নতুন মিশন, ভারতের অ্যাসাইনমেন্ট এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ। তবে সব ছাপিয়ে বাড়তি নজর থাকবে রোহিত শর্মা এবং বিরাট কোহলির প্রত্যাবর্তনের দিকেই। পার্থে শুরু হতে যাওয়া প্রথম ম্যাচে ভারতের একাদশ কেমন হবে, তা নিয়েই থাকছে আজকের আলোচনা।

ভারতের টপ অর্ডারে দেখা যাবে তিন সেরা নাম—শুভমান গিল, রোহিত শর্মা ও বিরাট কোহলি। ওপেনিং জুটি হিসেবে গিল–রোহিত  নিজেদের শক্তি প্রমাণ করেছেন আগেই। ওয়ানডেতে এই জুটি ২১২৪ রান করেছে, গড় যেখানে ৬৮.৫১ । তাই যশস্বী জয়সওয়ালের সুযোগ এই ম্যাচে নেই।

বিরাট কোহলি থাকছেন তিন নম্বরে, যিনি এই পজিশনে সংগ্রহ করেছেন ১২০৬০ রান। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে বিরতি নেওয়ার পর কোহলির একমাত্র ফোকাস এখন ওয়ানডে। এই সিরিজে ক্যারিয়ারের শেষ বেলায় এসে নিজেকে প্রমাণ করার আরও এক সুযোগ তাঁর সামনে, বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রাখার শেষ একটা লড়াই।

মিডল অর্ডারের দায়িত্বে থাকবেন শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুল। আইয়ার বরাবরই পেসের বিপক্ষে দারুণ, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলার গতি বদলাতে সক্ষম, আর রাহুলের ব্যাটিং ক্ষমতা সবারই জানা। ইনিংস মেরামত ও ডেথ ওভারে ধ্বংসাত্মক ভূমিকা পালন করতে সিদ্ধহস্ত তিনি। তাই তো এই জুটি ভারতের মিডল অর্ডারকে শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ করেবে।

অলরাউন্ডারের ভূমিকায় থাকবেন অক্ষর প্যাটেল। ব্যাটিং ও বোলিং—দুই দিকেই পারদর্শী অক্ষর, দলের প্রয়োজনে ব্যাট হাতে মিডল অর্ডারে হতে পারেন আস্থার নাম। তাঁর সাথে নিতীশ কুমার রেড্ডি থাকছেন হার্দিক পান্ডিয়ার বিকল্প হিসেবে। পার্থের বাউন্সি উইকেটে তাঁর পেস বোলিং ভারতকে দিতে পারে বড় সুবিধা, সঙ্গে ব্যাটিংও হতে পারে সহায়ক।

বল হাতে দায়িত্ব সামলানোর জন্য থাকবেম কুলদ্বীপ যাদব, আর্শদ্বীপ সিং, মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা। সিরাজ ও প্রসিদ্ধ ভারতের পেস আক্রমণের মূল ভরসা। সিরাজ নতুন বলে ভয়ংকর হয়ে উঠতে পারেন, প্রসিদ্ধ কৃষ্ণারও সক্ষমতা আছে অজিদের ব্যাটিং দম্ভ চূর্ন করার। সেই সাথে বাঁহাতি পেসার আর্শদ্বীপ ডেথ ওভারে নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য থাকছেন।

স্পিন বিভাগে কুলদ্বীপ হবেন দলের বাজির ঘোড়া। এশিয়া কাপে ১৭ উইকেট তুলে দেখিয়েছেন নিজের ঝলক। তাই তো তাঁর স্পিন ধাঁধায় খেয় হারাতে পারে অস্ট্রেলিয়া।

সব মিলিয়ে ভারতের সম্ভাব্য একাদশ দাঁড়াচ্ছেঃ শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কে এল রাহুল, নিতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, আর্শদ্বীপ সিং, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link