লাঞ্চের আগে চা পানের বিরতি, গুয়াহাটিতে আত্মপ্রকাশ করতে যাচ্ছে টেস্ট ক্রিকেটের এই নতুন ধারা। আসন্ন ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টেস্ট থেকে চালু হবে এই নতুন নিয়ম। আর যা ভাঙবে টেস্ট ইতিহাসের শতবর্ষ ধরে চলে আসা প্রথা।
সাধারণত টেস্ট ক্রিকেটে দুবার বিরতি দেওয়া হয়। দিনে খেলা হলে প্রথম সেশন শেষে ৪০ মিনিটের লাঞ্চ বিরতি, দ্বিতীয় সেশনে ২০ মিনিটের চা বিরতি। তবে এটাই এবার উলটে যাচ্ছে। আগে চা বিরতি, এরপর মধ্যাহ্নভোজ সারবেন ক্রিকেটাররা।

এমন সিদ্ধান্ত অবশ্য কারণ ছাড়া নেওয়া হয়নি। উত্তর-পূর্ব ভারতের অল্প সময়ের আলোকে মাথায় রেখেই সাজানো হয়েছে পরিকল্পনা। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন টেস্টটি ভারতের রেড-বল টেস্টের সাধারণ সময়ের থেকে আধা ঘণ্টা আগে শুরু হবে।
কলকাতার প্রথম টেস্ট সকাল সাড়ে নয়টায় শুরু হওয়ার কথা। তবে গুয়াহাটি টেস্ট এগিয়ে আনা হয়েছে ৩০ মিনিট। অর্থাৎ টস অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায়। প্রথম সেশন শুরু হবে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এবং পরে থাকবে ২০ মিনিটের চা বিরতি। লাঞ্চের সময় নির্ধারণ করা হয়েছে ১টা ২০ থেকে ২টা পর্যন্ত। এরপর শেষ সেশন চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সাইকিয়ার মতে, প্রথম সেশনের পর ১১টায় লাঞ্চ করানো খেলোয়াড়দের জন্য খুবই তাড়াহুড়া হয়ে যেত। তাই বিসিসিআই সেশনগুলোর সময় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ‘এটি একটি বাস্তবধর্মী সিদ্ধান্ত। শীতকালে উত্তর-পূর্ব ভারতে সূর্য ওঠা ও অস্ত যাওয়া খুবই তাড়াতাড়ি হয়। বিকেল চারটা নাগাদ আলো কমে যায় এবং এর পর বেশি খেলা সম্ভব হয় না। এজন্য আমরা সকালেই খেলা শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।’











