বিতর্কিত চট্টগ্রাম রয়্যালসই আসরটা শুরু করলো জয় দিয়ে। নোয়াখালী এক্সপ্রেস পাত্তাই পেল না তাদের সামনে। ৬৫ রানের জয় নিয়ে শুভ সূচনা করল চট্টগ্রাম, সেই সাথে নিজেদের ডেরায় ফিরিয়ে আনল স্বস্তি।
টসে জিতে ব্যাটিংটা বেছে নিয়েছিল চট্টগ্রাম। বোলিং লাইনআপ বেশ শক্তিশালী, একটা জুতসই পুঁজি পেলেই বাকি কাজটা সহজ হয়ে যায়। সেই লক্ষ্যে ব্যাট হাতে নেমে নাইম শেখ ব্যর্থই হলেন বলা যায়। তবে অবশ্য খুব একটা বিপাকে পড়তে হয়নি। উইকেটে যে তখন সেট হয়ে গেছেন মির্জা তাহির বেগ।
চট্টগ্রামকে শুরু থেকে শেষ পর্যন্ত একার কাঁধেই টেনে নিয়ে যেতে লাগলেন। খেললেন ৮০ রানের এক ঝকঝকে নক। মাঝে শেখ মেহেদীর ঝড়ো গতির ২৬ রানের সুবাদে শেষমেষ চট্টগ্রামের বোর্ডে জমা পড়ে ১৭৪ রানের সংগ্রহ।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা বেশ আশাব্যঞ্জকই করেছিল নোয়াখালী। হাবিবুর রহমান সোহানের আগ্রাসী ব্যাটিংয়ে সম্ভাবনা জেগে উঠেছিল। তবে ১৫ রানেই তাঁর থামার পর থেকেই জয়ের আশা ফিকে হয়ে যায় নোয়াখালীর। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর সাথে সাথে ম্যাচটাও হাতছাড়া হয়ে যায়।
মাজ সাদাকাত কিছুটা চেষ্টা চালালেও জাকের-সৈকতদের ব্যর্থতায় সাফল্য পাওয়া হয়নি নোয়াখালীর। ব্যাট হাতে ঝড়ের তোলার পর বল হাতে শেখ মেহেদি নিজের জাদু দেখান। তাতেই নোয়াখালীকে থামতে হয় ১০৯ রানে, চট্টগ্রাম জয় পায় ৬৫ রানের বড় ব্যাবধানে।
সমালোচনা, বিতর্ক, অবব্যাবস্থাপনার পাহাড় মাথায় নিয়ে মাঠে নেমেছিল চট্টগ্রাম। এই জয় তাই এক অমূল্য রতন তাদের কাছে। দিশেহারা শিবিরে স্বস্তির সুবাতাস হয়ে এলো এই জয়।












