হতে পারতেন ইতিহাসের নায়ক, হলেন ট্র্যাজিক হিরো

পাগলাটে দর্শকদের ভেলায় চেপে, হৃদয়জুড়ে এই অমৃতের স্বাদ নিয়ে বহুদূর পথ পাড়ি দিতে পারতে নেপালের ক্রিকেট। আর সেই রুপকথার যাত্রার সম্মুখ সারির সেনানী হতে পারতেন লোকেশ বাম।

তরবারি মাটিতে গেড়ে বসে পড়লেন। নিয়তির সামনে পরাজয় মেনে নিলেন। লোকেশ বামের শরীর জুড়ে তখন ক্লান্তির অববাহিকতার তীব্র ছোটাছুটি। ইতিহাস গড়ার খুব কাছে গিয়েও যে তাকে থামতে হয়েছে সীমানা রেখার ঠিক আগের কদমে। ট্র্যাজিক হিরোর গ্লানি তখন তার মস্তিষ্কে এভারেস্টের ভর নিয়ে গেঁথে গেছে।

কি অসাধারণ লড়াইটা তিনি করলেন ইংল্যান্ডের বিপক্ষে। দলকে অবিস্মরণীয় এক জয়ের স্বপ্নকে দিয়েছিলেন নতুন সূর্যালো। লড়াইটা করেছেন একেবারে শেষ পর্যন্ত। প্রায় দুইশো স্ট্রাইকরেটে চলল তার ব্যাট। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের সর্বোচ্চ রানের ইনিংসটিতে  তিনি থেকেছেন অপরাজিত।

কিন্তু দলের জয়টা! সেটা আর পাওয়া হয়নি। ইংল্যান্ডের দেওয়া ১৮৫ রানের টার্গেটে নেপাল লড়াই করেছে চোখে চোখ রেখে। রানতাড়ায় প্রতিটা সময় ইংল্যান্ডের হৃদয়ে কাঁপন ধরিয়েছে। ইংরেজদের হৃদস্পন্দনের মাত্রা কয়েকশ গুণ বাড়িয়ে দিয়েছেন লোকেশ বাম। জটিল সমীকরণ মেলানোর খুব কাছে গিয়েও তিনি ছুঁতে পারেননি কাঙ্খিত জয়ের মান।

২০ বলের ইনিংসটিতে চারটি চার ও দুইটি ছক্কায় ম্যাচ জমিয়ে ক্ষীর বানিয়েছিলেন তিনি। জোফরা আর্চারকে পরপর দুই বলে ছক্কা হাঁকিয়েছেন লোকেশ, জয় পাওয়ার উচ্ছ্বাস তাকে ছুঁয়ে যায়নি। মার্ক উডের ওভারে দু’খানা চার হাঁকিয়ে তিনি শেষ ওভারে দশ রানের সমীকরণে ম্যাচটা নামিয়ে আনেন।

লোকেশ ম্যাচটা জেতাতে পারেননি। হেরেছেন মূলত অভিজ্ঞতা আর বাস্তবায়নের সুদৃঢ় দীক্ষার সামনে। স্যাম কারেনের মত পরীক্ষিত সেনানী দূর্দান্ত বল করে গেছেন, এক ছটাক সুযোগ দেননি। একের পর এক ইয়োর্কার নেপালের ঐতিহাসিক জয়কে পেছন দিকে ঠেলে দিয়েছে। নতুবা দশম বিশ্বকাপের প্রথম অঘটনে নেপাল ক্রিকেট পেয়ে যেতে পারত সঞ্জীবনী সুধা।

পাগলাটে দর্শকদের ভেলায় চেপে, হৃদয়জুড়ে এই অমৃতের স্বাদ নিয়ে বহুদূর পথ পাড়ি দিতে পারতে নেপালের ক্রিকেট। আর সেই রুপকথার যাত্রার সম্মুখ সারির সেনানী হতে পারতেন লোকেশ বাম। পারেননি, তবে এখানেই তাদের যাত্রা অন্তত শেষ হয়ে যায়নি। লোকেশদের এই সংগ্রামের গল্পগুলো একদিন পরিণত হবে বর্ণিল সব জয়ের আনন্দে।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link