ক্রিকেটের গতানুগতিক নিয়মধারার বাইরে গিয়ে কিছুটা অস্বাভাবিক অ্যাকশনে বল করার প্রেক্ষিতে ইতোমধ্যেই সবার নজর কেড়েছেন উসমান তারিক। আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতিক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ। উসমান তারিককে সামাল দিতে বেগ পেতে হতে পারে ভারতীয় ব্যাটিং লাইনআপকে।
নামিবিয়ার বিপক্ষে দলের জয়ের পর ভারতের উইকেটকিপার ব্যাটার ইশান কিষাণ পাকিস্তানের স্পিনার উসমান তারিকের সাইড অ্যাকশন মোকাবিলার প্রস্তুতি নিয়ে কথা বলেন। তিনি জানান, নামিবিয়ার অধিনায়ক জারহার্ড ইরাসমাসের বোলিংও অনেকটা তারিকের মতোই।
প্রস্তুতি প্রসঙ্গে আরও জিজ্ঞাসা করা হলে কিষাণ জানান, প্রস্তুতি যা নেওয়ার ইতোমধ্যে তা সম্পন্ন হয়ে গেছেই। তবে উসমান তারিকের বোলিংয়ের ভিডিও দেখে নিজেদেরকে আরও সচেতন করার কথা বলেন তিনি।

তিনি বলেন, ”আমার মনে হয় প্রস্তুতির কাজ আমরা আগেই করে ফেলেছি। এখন শুধু বল দেখার সময় এবং নিজের স্বাভাবিক খেলা খেলার সময়।”
ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে কথা উঠলে তিনি জানান এটা টি-টোয়েন্টি ম্যাচ। তারা এই ব্যাটিং অ্যাপ্রোচেই ব্যাট করতে চায়। পাকিস্তানের বিপক্ষে ম্যাচেও নিজেদের শক্তির উপর বিশ্বাস রাখছে তারা।
উসমান তারিকের বিশেষ বোলিং সম্পর্কে আলাদাভাবে জিজ্ঞাসা করা হলে ইশান বলেন, ”এই পর্যায়ে আলাদা করে খুব বেশি প্রস্তুতির দরকার হয় না। কিছু ভিডিও দেখলেই বোঝা যায় কেমন বোলিং হতে পারে। আমরা ব্যাপারটা সহজ হিসেবেই দেখছি”।











