ছক্কার অনন্য রেকর্ড গড়তে চলেছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে চলছে ছক্কার এক উন্মত্ত উৎসব। আগের সকল রেকর্ড ভেঙে দিয়েছে এবারের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে চলছে ছক্কার এক উন্মত্ত উৎসব। আগের সকল রেকর্ড ভেঙে দিয়েছে এবারের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্ট শেষ হতে এখনও অনেকটা সময় বাকি। ছক্কার সংখ্যা যে অনন্য এক উচ্চতায় গিয়ে ঠেকবে, তা অনায়াসে বলে দেওয়া যাচ্ছে। ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়েই, ছক্কার নতুন রেকর্ড মঞ্চস্থ হয়ে গেছে।

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে সর্বমোট ছক্কার সংখ্যা ছিল ৫১৭টি। ৫২ ম্যাচ লেগে গিয়েছিল ছক্কার সেই রেকর্ড গড়তে। তবে এবার ১০ ম্যাচ কম থাকতেই সেই রেকর্ড ছাপিয়ে ছক্কার সংখ্যা দাঁড়িয়েছে ৫৩০। পূর্বের যেকোন রেকর্ড শুধু ছাপিয়ে গেছে তা নয়, ম্যাচ প্রতি ছক্কার হিসেবেও সংখ্যাটা চলে গেছে ধরাছোঁয়ার বাইরে।

ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ পর্যন্ত ম্যাচপ্রতি ছক্কার অনুপাত দাঁড়াচ্ছে ১২.৭৭। এর আগে মাত্র একবারই ম্যাচ প্রতি ছক্কার রেকর্ড দুই অঙ্ক ছুঁয়েছিল। ২০১০ সালে ২৭ ম্যাচে মোট ছক্কা হয়েছিল ২৭৮টি। অর্থাৎ ম্যাচপ্রতি ছক্কার সংখ্যা দাঁড়িয়েছিল ১০.৩-এ। এছাড়া বাকি আর আটটি আসরে ম্যাচ প্রতি ছক্কার সংখ্যা ১০ এর কোটা টপকাতে পারেনি।

এখন পর্যন্ত এবারের বিশ্বকাপে ম্যাচ বাকি আছে ১২টি। ম্যাচ প্রতি ১৩ ছক্কার গড় হিসেবে আরও অন্তত ১৫৬টি ছক্কা হওয়া সম্ভব। যদি ১০টি করেও ছক্কা হয় ম্যাচপ্রতি- তবুও সংখ্যাটা দাঁড়াবে ১২০। অর্থাৎ প্রায় ৬৫০ ছক্কার একটা টুর্নামেন্টে পরিণত হতে পারে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের পরিধি আরও বিস্তৃত না হলে এই রেকর্ড ভাঙতে বেশ বেগ পোহাতে হবে- সেটা প্রায় সুনিশ্চিত।

Share via
Copy link