১০ বছর আগের স্মৃতি ফিরিয়ে আনলেন সাব্বির

সেই ২০১৬ সালের এশিয়া কাপে দৃষ্টিনন্দন সব শটের পসরা সাজিয়ে দূর্দান্ত ইনিংস খেলেছিলেন সাব্বির রহমান, শ্রীলঙ্কার বিপক্ষে। সেই তিনি দশ বছর বাদে বিসিএলেও খেললেন এক দারুণ ইনিংস।

ফারাক দশ বছরের। সেই ২০১৬ সালের এশিয়া কাপে দৃষ্টিনন্দন সব শটের পসরা সাজিয়ে দূর্দান্ত ইনিংস খেলেছিলেন সাব্বির রহমান, শ্রীলঙ্কার বিপক্ষে। সেই তিনি দশ বছর বাদে বিসিএলেও খেললেন এক দারুণ ইনিংস। সময়ের অতলে হারিয়ে গেছে কতগুলো বছর, কিন্তু সাব্বির যেন সেই পুরনো সাব্বিরই রয়ে গেছেন।

সাব্বির রহমানের ব্যাটে রান, বরাবরই আনন্দ দেয় কিন্তু আক্ষেপ বাড়ায়। বিসিএল ওয়ানডেতে হয়ে গেল সাব্বির ঝড়। নর্থ জোনের জার্সিতে তিনি খেলতে নেমে দেখালেন নিজের সামর্থ্যের মুন্সিয়ানা। নর্থ জোনের দারুণ ব্যাটিং প্রদর্শনের চেরি অন টপ ছিল সাব্বিরের শেষ দিকের আগ্রাসন।

সাব্বির রহমানকে কি জাতীয় দলে নেওয়া হবে? এই প্রশ্নের দিন কেটে যাচ্ছে সাব্বির ভক্তদের। আর সেই প্রশ্নের আগুনে সময়ে সময়ে ঘিঁ ঢেলে দিচ্ছেন সাব্বির নিজ হাতে, দৃষ্টিনন্দন শটের পসরা সাজিয়ে। নর্থ জোনের জার্সিতে ব্যাট করতে নেমেছেন দলের ছয় নম্বর ব্যাটার হিসেবে। তখন বাইশ গজে সেট ব্যাটার হৃদয়।

সাব্বির তাই খানিকক্ষণ সময় নিলেন। উইকেট বোঝার চেষ্টা করলেন। তারপর শুরু হল তার ব্যাটের সেই মধুর নিনাদ। রিপন মণ্ডলের মত ইনফর্ম বোলারকে পরপর দুই বল দুই ছক্কা হাঁকান সাব্বির- প্রথমটা লং অনে পরেরটা লং অফে। এমন নিয়ন্ত্রিত ছক্কার প্রহার চোখের প্রশান্তি জোগায়। ব্যক্তিক্রম ঘটেনি এবারও।

পাঁচ খানা ছক্কা, আর তিন খানা চারে তিনি ঘরের মাঠের দর্শকদের উন্মাদনায় ভাসিয়েছেন। রাজশাহীর ছেলে রাজশাহীর বুকে দাঁড়িয়ে বৈশাখের আগেই তুললেন কালবৈশাখী ঝড়। ৫১ বলে ৭৩ রানের ইনিংসটির কল্যাণে ৩০০ ছাড়ানো সংগ্রহ পায় নর্থ জোন। আর অন্যদিকে সাব্বিরকে জাতীয় দলে ফেরানোর নিরব আন্দোলন পেয়েছে নতুন জ্বালানি।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link