এই প্রজন্মের সেরা পাকিস্তানি ব্যাটারদের একজন তিনি। টপ অর্ডারের সবচেয়ে বড় পাওয়ার হিটার। অথচ, টি-টোয়েন্টি ক্রিকেটটা নিয়মিত তাঁকে খেলারই সুযোগ দেয় না পাকিস্তান। দিলেও সেটা তাঁর জন্য যথার্থ জায়গায় নয়।
সুযোগ পেলে সেই ফখর জামান কি করতে পারেন, তাঁরই একটা দৃষ্ঠান্ত দেখা গেল। পাল্লেকেলে স্টেডিয়ামে ফখরের ব্যাটের রূদ্রমূর্তিতে জ্বলে উঠল পাকিস্তানের টপ অর্ডার। বাঁচা-মরার ম্যাচে ফখরের ব্যাট নাভিশ্বাস সব মুহূর্ত উপহার দিল শ্রীলঙ্কার বোলিং লাইনআপকে।

ওপেনিংয়ে নেমে ৪২ বলে ৮৪ রান করেন। স্ট্রাইক রেট ঠিকঠিক ২০০। নয়টি চার আর চারটি ছক্কায় ধুন্ধুমার ব্যাটিংয়ের প্রদর্শনী দেখিয়ে তবেই ফিরে যান সাজঘরে। উদ্বোধনী জুটিতে পাকিস্তান ১৫.৫ ওভারে তুলে ১৭৬ রান।
প্রায় অসম্ভব এক লক্ষ্যের সামনে ব্যাট করতে নেমেছিল পাকিস্তান। সেখান থেকে সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে হলে বড় একটা ধামাকা দরকার ছিল। প্রয়োজনের সময় সেই ধামাকাই নিয়ে এলেন ফখর জামান।

ফখর জামান এমন ব্যাটার যাকে একাদশে রাখতে হলে টপ অর্ডারেই রাখতে হবে, নিয়মিত সুযোগ দিতে হবে। কারণ, যেদিন পার্থক্য গড়ে দেওয়ার কাজটা তাঁর চেয়ে ভাল আর কেউ পারেন না এই পাকিস্তান দলে।









