‘ব্যাক টু স্কোয়ার ওয়ান’। জাসপ্রিত বুমরাহকে ঘিরে পুরনো পরিকল্পনাতে ফেরত গেল ভারত। আর তাতেই মিলল সফলতা। যখনই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং জমাট বাঁধতে শুরু করেছে। ঠিক তখনই বোলিংয়ে এলেন জাসপ্রিত। এক ওভারে তুলে নিলেন দুই উইকেট। আর তাতেই যেন ওয়েস্ট ইন্ডিজের পরিকল্পনা ব্যাপক আঘাতপ্রাপ্ত।
জাসপ্রিতকে নিয়ে ভিন্ন পরিকল্পনাতেই গত আসরের চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। জাসপ্রিতের ওভারগুলোকে পুরো আসরজুড়ে বুঝে-শুনে ব্যবহার করেছিল ভারত। পাওয়ার প্লে-তে এক ওভার। মাঝে যখন প্রতিপক্ষের ব্যাটিং থিতু হতে শুরু করবে, তখন এসে তিনি ব্রেকথ্রু তুলে দেবেন, এরপর আবার ডেথওভারে রান শুকিয়ে উইকেট তুলে নেবেন।

সেই পরিকল্পনাতেই সফল ছিল ভারত। কিন্তু এবারের আসরে তেমন কোন পরিকল্পনা পরিলক্ষিত হয়নি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে। বাঁচা-মরার লড়াইয়ে দলের সেরা অস্ত্রকে নিয়ে পরীক্ষিত পরিকল্পনাতেই ফেরত গেল ভারত। আর সেই সফলতা এলো শিমরন হেটমায়ার ও রস্টন চেজের উইকেট প্রাপ্তিতে।
১৬ বলে ৩৪ রানের জুটি দাঁড়িয়ে গিয়েছিল। সেখানে হেটমায়ার ছিলেন আক্রমণাত্মক। মাত্র ১২ বলে ২৭ করা হেটমায়ারকে তিনি ফেরালেন। ওই একই ওভারে এদিনের আউট অব দ্য বক্স চরিত্র রস্টন চেজকেও সাজঘরে পাঠান বুমরাহ। স্লোয়ার কাটারের তিনি সহজ ক্যাচে পরিণত করেছেন জাসপ্রিত বুমরাহ।

এর আগে পাওয়ার প্লে-তে এক ওভারে তিনি রানের চাকা আটকে রাখার চেষ্টা করেছেন। দিনশেষে পুরনো চাল ভাতে বাড়ে, বাংলার সেই প্রবাদের প্রমাণটাই যেন পাওয়া গেল ভারতের পুরনো পরিকল্পনাতে ফিরে যাওয়াতে।











