বাড়ি ফেরার আনন্দ পরিণত হয়েছে উৎকণ্ঠায়। জিম্বাবুয়ের খেলোয়াড়রা জানেন না তারা কিভাবে, কখন রওনা হবেন নিজ দেশের উদ্দেশ্যে। হুট করেই সৃষ্টি হওয়া যুদ্ধাবস্থায় বিপাকে পড়ে গেছে জিম্বাবুয়ে। আইসিসিও কুল-কিনারা খুঁজে পাচ্ছে না। থমকে আছে জিম্বাবুয়ের বাড়ি ফেরার যাত্রা।
ক্রিকেট ময়দানে বিপ্লবী এক সময় পার করেছ জিম্বাবুয়ের ক্রিকেটাররা। যার নেতৃত্বে ছিলেন সিকান্দার রাজা। অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার মত হেভিওয়েট দলগুলোকে নাস্তানাবুদ করে সুপার এইটে উঠেছিল জিম্বাবুয়ে। এতটা পথ আসতে পারবে- সেটা বিশ্বাস করাও যেন ছিল দিবাস্বপ্ন।

তবে সেই দিবাস্বপ্নের ঘোর কেটেছে সুপার এইটে। নিজের সত্যিকারের শক্তির ফারাকটা স্পষ্ট হয়েছে। তবুও সিকান্দার রাজা, ব্রায়ান বেনেটরা ব্যক্তিগত সক্ষমতার মশাল জ্বালিয়ে যেতে পেরেছেন বৈশ্বিক মঞ্চে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচ শেষে শরীর আর মস্তিষ্কে তখন অবসাদ, বাড় ফেরার চাপা আর্তনাদ।
কিন্তু বাড়ি যাওয়ার উপায় তো নেই। দিল্লি থেকে দুবাই হয়ে হারারেতে যাওয়ার কথা ছিল জিম্বাবুয়ের। কিন্তু বিশ্ব রাজনীতির উত্তপ্ত পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার ফলে ভারতেই আটকা পড়ে গেছে জিম্বাবুয়ে। এখন অনুসন্ধান চলছে বিকল্প পথের। প্রাথমিকভাবে তিনটি ভাগে ভারত ছাড়ার কথা ছিল জিম্বাবুয়ে দলের।

এমিরেটসের বিমানে চেপে তাদের দুবাই থেমে হারারেতে যাওয়ার কথা ছিল। কিন্তু পরিকল্পিত সেই পথ এখন অবরুদ্ধ। ঠিক কবে নাগাদ, আর কোন পথে জিম্বাবুয়ে বাড়ি ফিরবে সে বিষয়ে স্পষ্ট কোন ধারণা এখন পর্যন্ত মেলেনি। এ নিয়ে জিম্বাবুয়ে শিবিরে উৎকণ্ঠার প্রসার ঘটছে প্রতি মুহূর্তে।











