ঈশান কিষাণ এখন ‘আনটাচেবল’

বিশ্বকাপের মঞ্চে ধারাবাহিক পারফরমেন্সের দৃষ্টান্ত স্থাপন করে ঈশান নিজেকে বানিয়ে ফেলেছেন 'আনটাচেবল'। বহুল প্রতীক্ষার প্রত্যাবর্তন হতে হয় এমন প্রচণ্ড প্রতাপের সাথে।

ঈশান কিষাণের এক দারুণ ইনিংসের সমাপ্তি ঘটল দূর্দান্ত ক্যাচে। কিন্তু তাতে ভারতের ক্ষতি হয়নি এক ছটাকও। তিনি ফিফটি হাঁকিয়ে যখন বিদায় নিচ্ছেন তখন ভারতের রান ২০৪। ইনিংসের সমাপ্তি ঘটলেও ভারতের জার্সিতে ঈশানের এই দ্বিতীয় জীবনের সমাপ্তি সহসাই ঘটবে না, সেটাই নিশ্চিত করে গেছেন বা-হাতি এই ব্যাটার।

শত ঝঞ্জা পেরিয়ে ঈশান কিষাণ খুঁজে পেলেন ভারতের নীল জার্সি। এই জার্সিটা এবার লম্বা সময় ধরেই গায়ে জড়িয়ে রাখতে চান। দশম টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই বার্তাই প্রবল করেছেন ঈশান। ফাইনালের মঞ্চেও অব্যাহত রেখেছেন দুন্ধুমার ব্যাটিংয়ের অবাধ্য ধারা। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় সেরা তিনে অবস্থান তার।

অথচ টুর্নামেন্টের ঠিক আগের মুহূর্তেও ঈশান কিষাণের বিশ্বকাপ খেলা ছিল অনিশ্চয়তার মধ্যে। মুশতাক আলী ট্রফিতে ঝাড়খণ্ডকে চ্যাম্পিয়ন বানিয়েছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে। এরপরই দীর্ঘ সময়ের নির্বাসন কাটিয়ে ভারত দলে ফেরেন ঈশান কিষাণ।

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে এক সেঞ্চুরি ও এক ফিফটি হাঁকিয়ে, বিশ্বকাপ দলে নিজের জায়গাটা পাকাপোক্ত করেন। এরপর তিনি বনে যান দুর্দমনীয়। গোটা টুর্নামেন্টকে তিনি নিজস্ব রঙে রাঙিয়ে রাখলেন। তিনখানা ফিফটি হাঁকিয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে খেললেন ২৫ বলে ৫৪ রান।

গোটা টুর্নামেন্ট জুড়েই ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি। ৩১৭ রান এসেছে তার ব্যাট থেকে। ১৯৪ এর বেশি স্ট্রাইকরেটে তিনি রান তুলে গেছেন দশম টি-টোয়েন্টি বিশ্বকাপে। ঘরের মাঠের দর্শকদের আনন্দে ভাসিয়েছেন তিনি প্রায় ৪০ গড়ে নিয়মিত রান তুলে। প্রায় প্রতিটা ম্যাচেই ইম্প্যাক্টফুল ইনিংসের দেখা মিলেছে ঈশানে কাছ থেকে।

এমন দুর্ধর্ষ মৌসুম পার করা একজন ব্যাটারকে বাদ দিতে গেলেও এখন দু’বার ভাবতে হবে। বিশ্বকাপের মঞ্চে ধারাবাহিক পারফরমেন্সের দৃষ্টান্ত স্থাপন করে ঈশান নিজেকে বানিয়ে ফেলেছেন ‘আনটাচেবল’। বহুল প্রতীক্ষার প্রত্যাবর্তন হতে হয় এমন প্রচণ্ড প্রতাপের সাথে।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link