ক্যারিয়ার সেরা বোলিং ফিগার, তাও আবার বিশ্বাকপের মঞ্চে। জাসপ্রিত বুমরাহের নামক মহারথীদের জন্যই হয়ত এমন সব দিনের আগমন। যখন শিরোপার উৎসবে মেতে ওঠে শতকোটির জনপদ। সেই উন্মাদনার জনক হয়ে ওঠেন দুর্ধর্ষ জাসপ্রিত বুমরাহ।
নিউজিল্যান্ডকে হারানোর মঞ্চটা প্রস্তুত করে দিয়েছিল ভারতের ব্যাটার। স্কোরবোর্ডে তুলে দিয়েছিল ২৫৫ রানের রান পাহাড়। সেই পাহাড় টপকানোর পথে কাটার বাগান বানিয়ে দেন জাসপ্রিত বুমরাহ। নতুন বলে নিজের প্রথম বলেই তিনি রাচিন রবীন্দ্রের মত গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। ওই ব্যাটারই তো হতে পারতেন ভারতের মাথাব্যথা।

এরপর তিনি আবার ফিরলেন পুরনো বল হাতে। দুই ওভারের স্পেলে গোটা বিশ্বকে কুর্নিশ করালেন জাসপ্রিত। স্লো ইয়োর্কারের স্ট্যাম্প উপড়ে ফেলেন জিমি নিশামের। এরপর একক লড়াই চালিয়ে যাওয়া ব্ল্যাকক্যাপস সেনাপতি মিচেল স্যান্টনারকেও বোল্ড করেন। পরের বলে আউট ম্যাট হেনরি।
চার ওভারের বোলিং স্পেলে ১৫ রান খরচা স্রেফ। চার উইকেট কিংবদন্তির নামের পাশে। ক্যারিয়ার সেরা বোলিং ফিগারের আনন্দের স্রোতে টালমাতাল শিরোপা জয়ের জলোচ্ছ্বাস মিলেমিশে একাকার। বুমরাহের শ্রেষ্ঠত্বের মুকুটে আরও এক অর্জনের পালক। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারের প্রাপ্তিটাও পকেটে পুরেছেন জাসপ্রিত বুমরাহ। সীমাহীন আনন্দের হিমেল হাওয়ায় গা এলিয়ে জাসপ্রিত বনে গেছেন ইতিহাসের আলোকিত অধ্যায়।












