মানসিক বেড়াজাল টপকাতে পারছেন না লিটন

লিটন দাস কবে ফিরবেন স্বরুপে? ওয়ানডেতে একটা মানসিকতার বেড়াজালে বন্দী হয়ে গেছেন তিনি। লিটন থমকে গেলেন সেই বেড়া টপকানোর ঠিক আগের মুহূর্তটায়।

লিটন দাস কবে ফিরবেন স্বরুপে? ওয়ানডেতে একটা মানসিকতার বেড়াজালে বন্দী হয়ে গেছেন তিনি। তবে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সেই বেড়াজাল ছিন্নভিন্ন করার পথটা ছিল প্রস্তুত। ভাগ্যটাও ছিল সহায়। কিন্তু তবুও লিটন থমকে গেলেন সেই বেড়া টপকানোর ঠিক আগের মুহূর্তটায়।

লিটন দাস অফফর্মে নেই। অফফর্ম মানে একজন ব্যাটার কোন ফরম্যাটেই রান পাবেন না। টেস্ট কিংবা টি-টোয়েন্টি দু’টো ফরম্যাটেই তার ব্যাটে রান ছিল ধারাবাহিক। কিন্তু যত সমস্যা ওই ওয়ানডে ফরম্যাটে। কেননা একটা দীর্ঘসময় ধরে এই ফরম্যাটে তিনি বেজায় ধুকেছেন। ওয়ানডে দল থেকে বাদ পড়ে খেলা হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফি।

সেই ভয়াল স্মৃতি এখনও তাকে তাড়িয়ে বেড়ায়। নয় ইনিংস ধরে তার রান সংগ্রহ ছাড়ায়নি এক অঙ্কের ঘর। সেখান থেকেই যেন তার আত্মবিশ্বাসের ঘাটতির শুরু। কৌশলগত দিক থেকে তার কোন প্রতিবন্ধকতা নেই। তিনি তো টেস্ট রান করছিলেন। দ্রুত রান তোলা বা পরিস্থিতির প্রয়োজনও তো তিনি মিটিয়েছেন টি-টোয়েন্টিতে। অতএব নিজের প্রতি তার বিশ্বাসের অভাবটাই কাল হয়ে দাঁড়াচ্ছে লিটনের জন্য।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৩৩ বলে ৪১ রান করে তিনি রানতাড়া করে যাচ্ছিলেন। মাজ সাদাকাত একটা সহজ ক্যাচকে ছক্কায় রুপান্তরিত করেছেন। ব্যাটে-বলে লিটনের টাইমিংটাও হচ্ছিল ঠিকঠাক। ফিল্ডিংয়ের ফাঁকা স্থানের ব্যবহারও যথাযথভাবে করে যাচ্ছিলেন লিটন। কিন্তু থমকে গেছেন- ৪১ রানের মাথায়।

কারণ ওই ‘মেন্টাল ব্যারিয়ার’, নিজের সামর্থ্যকে সন্দেহ করা। এই বলয়টুকু পেরুতে পারলেই লিটন হয়ে উঠবেন অপ্রতিরোধ্য। কিন্তু প্রশ্নটা হচ্ছে লিটন পারবেন তো? আর কতদিন সময় লাগবে তার? নিজেকে আরেকটু বিশ্বাস কি তিনি করতে পারবেন? এই প্রশ্ন গুলার উত্তর ইতিবাচক হোক- সেটাই তো প্রত্যাশিত।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link