টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছাতে না পারার ক্ষত এখনো দগদগে। সেই রেশ না কাটতেই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে মুখ থুবড়ে পড়ল পাকিস্তান। মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে ১১ রানের হার কেবল একটি পরাজয় নয়, বরং পাক ক্রিকেটের বর্তমান দৈন্যদশার এক করুণ প্রতিচ্ছবি। শাহীন শাহ আফ্রিদির নেতৃত্বে ১-২ ব্যবধানে সিরিজ খোয়ানোর পর এবার সমালোচনার তিরে বিদ্ধ হচ্ছেন দলের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।
পাকিস্তানি ওপেনার আহমেদ শেহজাদ বরাবরই ঠোঁটকাটা হিসেবে পরিচিত। রিজওয়ানের টানা ব্যর্থতা দেখে এবার নিজের ইউটিউব চ্যানেলে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। রিজওয়ানের ব্যাটিংয়ের সীমাবদ্ধতা তুলে ধরে তিনি জানান, দীর্ঘ সময় পার হলেও এই অভিজ্ঞ ব্যাটারের টেকনিক্যাল ত্রুটিগুলো এখনো কাটেনি। তার মতে, রিজওয়ানের পুরো ব্যাটিং শৈলী এখন কেবল লেগ সাইড কেন্দ্রিক হয়ে পড়েছে। বিদ্রুপের সুরে তিনি প্রশ্ন তোলেন, বছরের পর বছর ধরে রিজওয়ান কেবল শিখছেনই, কিন্তু সেই শিক্ষার প্রতিফলন মাঠে কবে দেখা যাবে?
উল্লেখ্য, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন না রিজওয়ান। সেই সময়ে দলের বাকিরা যখন লড়ছিলেন, রিজওয়ান তখন বিশ্রামে। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফেরার আগে এই দীর্ঘ বিরতিকে তিনি কীভাবে কাজে লাগিয়েছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন শেহজাদ।

তিনি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে না থাকায় আপনি প্রচুর বিশ্রাম পেয়েছেন। বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমে আপনার কাজ ছিল সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জেতানো। নির্বাচকরা আপনাকে বাদ দিয়ে যে ভুল করেছিলেন, তা পারফরম্যান্স দিয়ে প্রমাণ করার সুবর্ণ সুযোগ ছিল এটি। কিন্তু আপনি কী করলেন? তিন ম্যাচে মোটে ৫৮ রান!’
মাঠের বাইরে বড় বড় কথা না বলে রিজওয়ানকে নিজের খেলার ধরনে আমূল পরিবর্তনের পরামর্শ দিয়েছেন শেহজাদ। ব্যাটের সাথে বলের সংযোগে যে বিশাল ফারাক থেকে যাচ্ছে, সেটি নিয়ে কাজ করার ওপর জোর দেন তিনি।
আহমেদ শেহজাদের তোলা প্রশ্নগুলো হয়তো কঠোর, কিন্তু বর্তমান বাস্তবতায় তা অমূলক নয়। বিশ্রামের লম্বা সুযোগ পেয়েও টেকনিক্যাল ত্রুটি দূর করতে না পারা রিজওয়ানের ক্যারিয়ারের ওপর এখন বড় এক প্রশ্নবোধক চিহ্ন ঝুলিয়ে দিয়েছে।











