হামজা ৯০ মিনিট খেলবেন তো?

সব মিলিয়ে, শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য বড় পরীক্ষা হলেও এটিকে নিজেদের সামর্থ্য যাচাই ও আত্মবিশ্বাস অর্জনের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে জামাল ভূঁইয়ার দল।

হামজা চৌধুরী আছেন বলেই ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে আত্মবিশ্বাসী বাংলাদেশ জাতীয় ফুটবল দল। র‍্যাঙ্কিংয়ে ১০৮ নম্বরে থাকা ভিয়েতনাম বাংলাদেশের চেয়ে ৭২ ধাপ এগিয়ে থাকলেও সমানতালে লড়াইয়ের প্রত্যয় ব্যক্ত করেছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। যদিও, মাত্রই দলের সাথে যোগ দেওয়া হামজাকে ম্যাচে ৯০ মিনিট পাওয়া যাবে কি না, তা নিয়ে আছে সংশয়।

ম্যাচটিকে সহজভাবে দেখছেন না জামাল। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ম্যাচটি কঠিন হবে, তবে বাংলাদেশ দল উন্নতি করছে। আমাদের বিশ্বাস, ভিয়েতনামের সঙ্গে সমানতালে লড়াই করার সামর্থ্য আছে।’

এই ম্যাচকে এশিয়ান কাপ বাছাইপর্বের প্রস্তুতি হিসেবে দেখছেন বাংলাদেশ দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বাংলাদেশ। তাই ভিয়েতনামের মতো শক্ত প্রতিপক্ষের বিপক্ষে খেলা দলের আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করেন তিনি।

 

কাবরেরা বলেন, ‘আমাদের মূল লক্ষ্য সিঙ্গাপুরের বিপক্ষে অফিসিয়াল ম্যাচের জন্য প্রস্তুতি নেওয়া। ভিয়েতনাম দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী দল। তাদের বিপক্ষে খেলা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

ভিয়েতনাম দলে নতুন সংযোজন সুয়ান সন ও ব্রাজিলীয় বংশোদ্ভূত হোয়াং হেনকে নিয়ে সতর্ক বাংলাদেশ কোচ। তবে এটিকে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন তিনি। তার ভাষায়, ‘তাদের দলে নতুন শক্তিশালী খেলোয়াড় এসেছে। আমরা ভিয়েতনামের সবচেয়ে শক্তিশালী দলের বিপক্ষেই নিজেদের যাচাই করতে চাই।’

অন্যদিকে বাংলাদেশের সমর্থকদের নজর ‘পোস্টার বয়’ হামজা চৌধুরীর দিকে। ইংলিশ ক্লাব লিস্টার সিটির এই সদস্য সদ্য দলে যোগ দিয়েছেন। তবে তাকে নিয়ে তাড়াহুড়ো করতে নারাজ কোচ। কাবরেরা বলেন, ‘হামজা মাত্রই এসেছে। সে ভালো আছে, তবে আবহাওয়া ও সময়ের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে। তাকে খেলানো হবে কি না, তা আমরা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেব।’

ভিয়েতনাম কোচ কিম সাং সিকও বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না। তিনি জানান, প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তিতে বাংলাদেশ দল আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে। হামজা চৌধুরীকে থামানোর কৌশল নিয়েও কাজ করছে তার দল।

সব মিলিয়ে, শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য বড় পরীক্ষা হলেও এটিকে নিজেদের সামর্থ্য যাচাই ও আত্মবিশ্বাস অর্জনের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে জামাল ভূঁইয়ার দল।

Share via
Copy link