হারিস রউফের সতীর্থ এখন রবিচন্দ্রন অশ্বিন

একই পতাকাতলে এবার ভারতের অশ্বিন ও পাকিস্তানের হারিস রউফ। একই দলের হয়ে মাতাবেন মেজর লিগ ক্রিকেট।

ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও পাকিস্তানের হারিস রউফ- এবার এলেন একই পতাকাতলে। যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেটে তারা দুইজনই খেলতে চলেছেন স্যান ফ্রান্সিস্কো ইউনিকর্নে। ভারতীয় কিংবদন্তি স্পিনার পাকিস্তান ক্রিকেটের সমালোচনায় সরব থেকেছেন অধিকাংশ সময়ে। তাছাড়া দুই দেশের মধ্যকার ক্রিকেটীয় সম্পর্কের বৈরীতার ঝাঁজটা কি ছড়িয়ে পড়বে আমেরিকার বুকেও?

২০২৬ মৌসুমের জন্য অশ্বিনকে সরাসরি চুক্তিবদ্ধ করেছে স্যান ফ্রান্সিস্কো। এর আগে রিটেইন করা পাঁচ বিদেশি খেলোয়াড়দের মধ্যে হারিস রউফকেও নিজেদের ডেরায় রেখে দিয়েছিল দলটি। এবার তাই ভারত-পাকিস্তানের সম্মিলিত বোলিং আক্রমণ পেতে চলেছে ইউনিকর্ন।

বৈরীতা ছাপিয়ে নিজের প্রথম বৈদেশিক টুর্নামেন্টটা নিশ্চয়ই উপভোগই করতে চাইবেন রবিচন্দ্রন অশ্বিন। ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন অশ্বিন। এরপর, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকেও অবসর নেন ২০২৫ সালের আসর শেষে। স্বাভাবিকভাবেই তার আর কোন বিধি-নিষেধ নেই ভারতের বাইরে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট খেলার ক্ষেত্রে।

সেই ধারাবাহিকতায়, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের দল সিডনি থান্ডার্স তাকে দলে নিয়েছিল। কিন্তু সর্বশেষ বিগ ব্যাশে খেলতে পারেননি অশ্বিন। হাঁটুর ইনজুরি সাড়াতে তাকে করতে হয়েছে অস্ত্রপচার। অতএব মেজর লিগ ক্রিকেটই হতে চলেছে অশ্বিনের প্রথম কোন আন্তর্জাতিক ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলার অভিজ্ঞতা।

এ জন্য তিনি বেশ উচ্ছ্বসিত বটে। নিজের উচ্ছ্বাস প্রকাশ করে অশ্বিন বলেন, ‘বাচ্চাদের মধ্যে, আর আমেরিকায় এসে স্থায়ী হওয়া অনেক মানুষের মধ্যে খেলাটার প্রতি যে দারুণ আগ্রহ তৈরি হয়েছে—সেটা দেখেই আমি নিজে এসে অনুভব করতে চেয়েছি, আমরা যখন এমএলসি-তে মাঠে নামব, তখন পুরো ব্যাপারটা আসলে কেমন দাঁড়ায়।’

 

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link