ইনজুরি যেন আলিসের বন্ধু

আলিস ক্রিকেট খেলা যখন শুরু করেছিলেন তখন কি দুঃস্বপ্নের ভেতরেও ভাবতে পেরেছিলেন যে, ইনজুরির সাথে তার এমন সখ্যতা হবে!

চৈত্রের আকাশ থেকে প্রবল গতিতে বৃষ্টি পড়ছে। এসবের মধ্যেই প্রবল মনোযোগে প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন আলিস আল ইসলাম। বছরের বেশিরভাগ সময়ই ইনজুরির কারণে মাঠের বাইরে কাটানো স্পিনার মনপ্রাণ দিয়ে চাচ্ছেন পূর্ণ শক্তিতে ফিরে আসতে।

জাতীয় দলের জার্সিটা এখনো গায়ে জড়াতে না পারা এই স্পিনারের লড়াইটা কেন যেন বারবার ইনজুরির সাথে হয়। এই কারণেই সবসময় নিজের দক্ষতা দেখানোর সুযোগ পান না।

আলিস ক্রিকেট খেলা যখন শুরু করেছিলেন তখন কি দু:স্বপ্নের ভেতরেও ভাবতে পেরেছিলেন যে, ইনজুরির সাথে তার এমন সখ্যতা হবে! একবার জাতীয় দলের খুব কাছে এসেও এই ইনজুরির জন্য জার্সি গায়ে চাপানোর স্বপ্ন অধরাই থেকে যায়। এমন বন্ধুত্ব কি আর কেউ চায়!

বছরের যে সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলে তখন আলিসকে মাঠে দেখতে পাওয়া যায়। বল হাতে ঝলকও দেখান। সর্বশেষ আসরে ৮ ম্যাচে ৮ উইকেট আর ২০২৫ সালের আসরে ১৩ ম্যাচে ১৫ উইকেট নিয়েছিলেন। রান দিতেন খুবই কম করে।

কিন্তু, বিপিএল শেষ হওয়ার পরেই যেন তিনি হাওয়া হয়ে যান। খোঁজ নিতে গেলে দেখা যাবে তখন এই স্পিনারকে লড়াই করতে হচ্ছে কোনো এক ইনজুরির সাথে।

এবার অবশ্য তাকে বেশ সুস্থই দেখা যাচ্ছে। প্রস্তুতিও নিচ্ছেন নিয়মিত। আলিসের ভেতরে নিজের শক্তির জায়গাগুলো ঝালিয়ে নেওয়ার প্রয়াস দেখা যাচ্ছে । আলিস নিশ্চয়ই চাইবেন এভাবে সুস্থ থাকতে। কেই বা উল্টোটা চায়।

কিছুদিন পরই দেশে আসছে নিউজিল্যান্ড দল। এখনো লাল-সবুজের জার্সি গায়ে জড়াতে না পারা আলিস নিজেকে সেই সিরিজে মাঠে নামতে দেখতে চাইবেন অবশ্যই। চাওয়া শুধু এটাই, আলিসের বন্ধু ইনজুরি যেন এখন আর তাঁর জীবনে না আসেন। তাঁদের চূড়ান্ত বিচ্ছেদ হয়ে গেলেই মঙ্গল।

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link