নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশের নির্বাচক প্যানেল। হাবিবুল বাশার সুমনের নেতৃত্বাধীন এই নতুন প্যানেল পাকিস্তান সিরিজের স্কোয়াডে কোনো পরিবর্তন না এনে একই দল বহাল রেখেছে।
আগামী ১৭ ও ২০ এপ্রিল অনুষ্ঠিতব্য ম্যাচ দুটির জন্য ঘোষিত দলে অধিনায়ক যথারীতি মেহেদী হাসান মিরাজ। তার সঙ্গে ওপেনিং ও টপ অর্ডারে রয়েছেন তানজীদ তামিম, সাইফ হাসান এবং নাজমুল হোসেন শান্ত। দলে আরও আছেন অভিজ্ঞ ব্যাটার সৌম্য সরকার ও উইকেটকিপার-ব্যাটার লিটন দাস।
মিডল অর্ডারে জায়গা পেয়েছেন তাওহীদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব এবং মাহিদুল ইসলাম অঙ্কন। অলরাউন্ড ও স্পিন বিভাগে থাকছেন রিশাদ হোসেন ও তানভীর ইসলাম।

পেস আক্রমণে নেতৃত্ব দেবেন মুস্তাফিজুর রহমান, সঙ্গে থাকছেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং নাহিদ রানা। পিএসএলের মাঝপথেই ফিরে আসবেন মুস্তাফিজ, শরিফুল, নাহিদ রানা, রিশাদ হোসেন, তানজিদ তামিম ও পারভেজ ইমন।
নির্বাচকদের এই সিদ্ধান্তে স্পষ্ট, সাম্প্রতিক পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখতে তারা আগের স্কোয়াডের ওপরই আস্থা রাখছেন। একই দল নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে কেমন ফল এনে দিতে পারে মিরাজের দল, এখন সেটাই দেখার বিষয়।
- নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং নাহিদ রানা।











