চেন্নাই সুপার কিংসের ব্যাটাররা হয়তো ভেবেছিলেন বিশাল লক্ষ্য তাড়া করে প্লে-অফের সম্ভাবনা টিকিয়ে রাখবেন। কিন্তু, চেন্নাইয়ের এই পরিকল্পনা পছন্দ হলো না মোহাম্মদ সিরাজের। অনবদ্য বোলিংয়ের এক দুর্দান্ত নিদর্শন দেখিয়ে হতাশায় নিমগ্ন করলেন পাঁচবারের চ্যাম্পিয়নদের।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এখন বিশাল বিশাল সব লক্ষ্য তাড়া হয়ে যায়। সেখানে ২৩০ রানকে তাড়া করার মতোই মনে হয়েছিল চেন্নাইয়ের ব্যাটারদের কাছে। তবে, প্রতিপক্ষে যখন সিরাজের মতো কেউ জ্বলে উঠেন তখন আর এসব তাড়া করার স্বপ্ন দেখাও যেন পাপ হয়ে দাঁড়ায়।
ইনিংস শুরু করতে আসা সিএসকের ভরসার নাম সাঞ্জু স্যামসনকে ক্রিজে সাবলীল হওয়ার সময়ও নিতে দেননি সিরাজ। প্রথম বলেই জস বাটলারের হাতে ক্যাচ তুলে বাধ্য করেছেন সাজঘরের পথ ধরতে।

সিরাজের দ্বিতীয় ওভার শুরু হয় চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গাইকোয়াড়ের ছক্কার মাধ্যমে। তবে ফিরে আসতে একটুও দেরি করেননি ডানহাতি পেসার। পরেই বলেই স্টাম্প উপড়ে ফেলেন রুতুরাজের। দুই বল পরেই শূন্য রানে ফেরান দুর্দান্ত পারফর্ম করতে থাকা তরুণ উর্ভিল প্যাটেলকে।
অন্য ওভারে কোনো উইকেট শিকার করতে না পারলেও সিরাজের মনে আফসোস থাকার কোনো কথা না। কারণ, নিজের প্রথম ১২ বলেই চেন্নাইয়ের জয়ের সব সম্ভাবনাই কেড়ে নেন এই পেসার। স্পেল শেষ করেন তিন ওভারে ২৬ রানে তিন উইকেটে।
গুজরাট টাইটান্সকে হারাতে পারলে চেন্নাই হিসাব-নিকাশের খাতায় টিকে থাকতো প্লে-অফে যাওয়ার পথে। কিন্তু, ২৩০ রানের বিশাল লক্ষ্য আর গুজরাটের বোলিংয়ের সামনে ভেঙে পড়ে আইপিএল থেকে বাদ যেতে হলো শিভাম দুবেদেরকে। ৮৯ রানের জয়ে গুজরাট শেষ করলো লিগ পর্বের দারুণ যাত্রা।











