​মরুর বুকে রোনালদোর উল্লাস

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আল নাসর মেতেছে শিরোপা উৎসবে। আর এই আনন্দের কেন্দ্রবিন্দুতে একজনই - ক্রিশ্চিয়ানো রোনালদো।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আল নাসর মেতেছে শিরোপা উৎসবে। আর এই আনন্দের কেন্দ্রবিন্দুতে একজনই – ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁর জাদুকরী পারফরম্যান্সে ভর করেই ক্লাবটি ছুঁয়ে দেখল বহুল কাঙ্ক্ষিত লিগ ট্রফি। অপরাজিত থেকেও রানার্স-আপ হতে হলো নগর প্রতিদ্বন্দ্বী আল হিলালকে।

গল্পটার শুরু হয়েছিল ২০২৩ সালে। ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রোনালদো যখন সৌদি প্রো লিগে যোগ দেন, ফুটবল বিশ্ব তখন চমকে গিয়েছিল। মধ্যপ্রাচ্যের ফুটবলে সিআর সেভেন  যোগ দেওয়ার পর বদলে যায় পুরো দৃশ্যপট। তাঁর হাত ধরে এই লিগ পায় এক নতুন উচ্চতা। তৈরি হয় অন্য বিশ্বসেরা তারকাদের আসার পথ।

আল নাসরের হয়ে রোনালদো গোল করেছেন দেদারসে। গোল করাটা তাঁর কাছে কখনোই কোনো কঠিন কাজ ছিল না। কিন্তু বড় কোনো শিরোপার অভাব তাকে পোড়াচ্ছিল বারবার। অবশেষে কাটল সেই দীর্ঘ ও যন্ত্রণাদায়ক অপেক্ষার প্রহর। দামাকের বিপক্ষে ৪-১ ব্যবধানের বিধ্বংসী জয় এনে দিল পরম আরাধ্য সেই লিগ শিরোপা।

​৪১ বছর বয়সী এই পর্তুগিজ যুবরাজ ম্যাচে করলেন জোড়া গোল। এই তো মাত্র দুই দিন আগে তাঁর নাম ঘোষণা করা হয়েছে পর্তুগালের বিশ্বকাপ দলে। ষষ্ঠবারের মতো বিশ্বমঞ্চে নামার রেকর্ড গড়ার আগে, এই ট্রফি জয় তাঁর আনন্দকে বাড়িয়ে দিল বহুগুণ।

এই জয়ের মধ্যে দিয়ে চার দেশের চার লিগেই চ্যাম্পিয়ন টাইটেল অর্জন ও মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হওয়ার অনন্য কীর্তি গড়লেন তিনি । ম্যাচ শেষে তাই রোনালদো মেতে উঠলেন উদযাপনে। দলের সাথে মেতে ওঠা উল্লাসের একটি ভিডিও শেয়ার করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ক্যাপশনে লিখলেন, ‘এটি আমাদের কাছে অনেক বড় কিছু। ইয়াল্লা নাসর!’

​ক্লাবের পক্ষ থেকে শেয়ার করা আরেকটি ভিডিওতে দেখা গেল এক অন্য রূপ। সেখানে ঢাকের তালে মেতে উঠেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ট্রফি জয়ের আনন্দ যেন তাঁর বাঁধ ভেঙেছে।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link