প্রকাশিত হলো বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের পূর্ণাঙ্গ সূচি। ২৮ জুন থেকে শুরু হতে যাওয়া সিরিজের ইতি ঘটবে ১৯ জুলাই। যেখানে একটি টেস্ট, তিন ওয়ানডে আর তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
সফরের শুরুটা হবে লাল বলের ক্রিকেট দিয়ে। ২৮ জুন থেকে ২ জুলাই পর্যন্ত হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবে একমাত্র টেস্ট ম্যাচ। দীর্ঘদিন ধরেই টেস্ট ক্রিকেটে নিজেদের নতুন করে প্রমাণ করার মিশনে আছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে দলটা এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। পাকিস্তানকে হারানো, ঘরের মাঠে ধারাবাহিক উন্নতি—সব মিলিয়ে টেস্টে বদলে যাওয়া এক বাংলাদেশের ছবি এখন স্পষ্ট।

তবে এই সফর শুধু টেস্টেই সীমাবদ্ধ নয়। সাদা বলের ক্রিকেটেও অপেক্ষা করছে বড় চ্যালেঞ্জ। ৬ জুলাই শুরু হবে ওয়ানডে সিরিজ। হারারে স্পোর্টস ক্লাবেই অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে, ম্যাচগুলো হবে ৬, ৯ এবং ১১ জুলাই। এরপর টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ পাড়ি জমাবে বুলাওয়েতে। কুইন্স স্পোর্টস ক্লাবে ১৫, ১৭ ও ১৯ জুলাই মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
জিম্বাবুয়ের বিপক্ষে পরিসংখ্যান হয়তো বাংলাদেশের পক্ষেই কথা বলে, কিন্তু আফ্রিকার মাটিতে খেলাটা কখনোই সহজ নয়। আর কাগজে-কলমে প্রতিপক্ষ ছোট দল হলে চাপটা একটু বেশিই থাকে। পঁচা শামুকে নিশ্চয়ই পা কাটতে চাইবে না বাংলাদেশ।

Share via:










