নেটে অনুশীলনের সময় চোট পেয়েছেন পারভেজ হোসেন ইমন। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগকে কেন্দ্র করেই নেটে পুরোদমে ব্যাটিং প্র্যাকটিস করছিলেন তিনি। কিন্তু থ্রোয়ারকে সাথে নিয়ে মিরপুরের অ্যাকাডেমি মাঠে অনুশীরন করার সময় একটি অনাকাঙ্ক্ষিত ডেলিভারিতেই ঘটে বিপত্তি।
নেটে ব্যাটিং করার সময় হুট করেই একটি বল লাফিয়ে উঠে ইমনের বুকে আঘাত করে। বলের গতি ও আঘাতের তীব্রতা এতটাই বেশি ছিল যে, সঙ্গে সঙ্গেই হাত থেকে ব্যাট ফেলে মাঠের পিচে বসে পড়েন এই ওপেনার। ব্যথায় গ্লাভস খুলে তাকে বেশ কিছুক্ষণ হাত চেপে ধরে থাকতে দেখা যায়।

ইমন চোট পাওয়ার সঙ্গে সঙ্গেই অনুশীলনে থাকা দলের ট্রেনার ও বাকি সাপোর্ট স্টাফরা দ্রুত তার দিকে ছুটে যান। মাঠের ভেতরেই প্রাথমিক পর্যবেক্ষণ শেষে তাকে পানি ও প্রয়োজনীয় শুশ্রূষা দেওয়া হয়। কিছুটা সময় পর ব্যথার তীব্রতা কমলে তিনি নিজেই উঠে দাঁড়ান এবং মাঠ ছাড়েন।
প্রাথমিকভাবে চোটের জায়গায় বরফ দেওয়া হয়েছে। তবে এই ইনজুরি কতটা গুরুতর এবং এর জন্য তাকে কতদিন মাঠের বাইরে থাকতে হতে পারে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। কোনো বড় ধরনের ফ্র্যাকচার বা ঝুঁকি আছে কিনা, তা জানতে দ্রুতই তাঁর চোট পাওয়া হাতের এক্স-রে করানোর পরই জানা যাবে। যদিও, সব শেষে তিনি যেভাবে আবারও নেটে ব্যাটিং শুরু করেছেন, তাতে বড় চোট বলে মনে হচ্ছে না।












