জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াতে দলে ডাকা হয়েছে মোহাম্মদ সাইফউদ্দিনকে। না, আপনার এমন ভাবনা কোনোভাবেই ভুল না, তবে পেছনের কারণ অবশ্য কাগজে-কলমে ভিন্ন। মূলত ইনজুরিতে ছিটকে যাওয়ায় মুস্তাফিজুর রহমানের জায়গায় পাঁচ বছর পর ওয়ানডে দলে ফিরলেন তিনি।
সাইফউদ্দিন সর্বশেষ বাংলাদেশের হয়ে ওয়ানডে খেলেছিলেন ২০২১ সালের জুলাইয়ে। এরপর তাকে টি-টোয়েন্টি দলে মাঝে-মধ্যেই দেখা গেলেও ওয়ানডে দলে আর সুযোগ মেলেনি। দীর্ঘ বিরতির পর আবারও দেশের জার্সিতে ওয়ানডে খেলার সুযোগ তৈরি হয়েছে তার সামনে।
অন্যদিকে বাংলাদেশের জন্য বড় দুঃসংবাদ হয়ে এসেছে মুস্তাফিজুর রহমানের চোট। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তিনি দ্বিতীয় ওয়ানডেতে খেলতে পারেননি। পরবর্তীতে জানা যায়, একই চোটের কারণে তৃতীয় ও শেষ ওয়ানডেতেও মাঠে নামা হচ্ছে না বাঁহাতি এই পেসারের। ফলে তার পরিবর্তে স্কোয়াডে তড়িঘড়ি করে ডাকা হয় সাইফউদ্দিনকে।

মুস্তাফিজুরের চোটের প্রভাব শুধু ওয়ানডে সিরিজেই সীমাবদ্ধ থাকছে না। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেছেন তিনি। তার পরিবর্তে টি-টোয়েন্টি দলে ফিরেছেন বাংলাদেশের অন্যতম অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, মুস্তাফিজুর রহমান হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় পুনর্বাসনের জন্য দেশে ফিরে আসবেন। তার পরিবর্তে তৃতীয় ওয়ানডের দলে যোগ দিচ্ছেন মোহাম্মদ সাইফউদ্দিন। একই সঙ্গে টি-টোয়েন্টি স্কোয়াডে মুস্তাফিজুরের জায়গায় অন্তর্ভুক্ত করা হয়েছে তাসকিন আহমেদকে।
এখন দেখার অপেক্ষা, দীর্ঘদিন পর দেশের জার্সিতে ফেরা সাইফউদ্দিন নিজেকে প্রমাণ করতে পারেন কিনা। লজ্জার হোয়াইটওয়াশ থেকে বাঁচাতে পারেন কিনা দলকে!











