লিওনেল মেসি কি ২০৩০ বিশ্বকাপ খেলবেন? সে ওনেক দূরের পথ। বয়সটাও যে নিয়ন্ত্রণে নেই তার। তাই তো ২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই প্রশ্ন উঠছে, আর্জেন্টাইন অধিনায়ক আর কতদিন জাতীয় দলের জার্সিতে খেলবেন? যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানাননি তিনি, তবুও অনেকের ধারণা আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের সময় হয়তো খুব বেশি দূরে নয়। কিন্তু সেই সম্ভাবনাকে মানতেই নারাজ বলিভিয়ার সাবেক তারকা মার্কো এচেভেরি। বরং মেসিকে আরও একটি বিশ্বকাপে দেখতে তিনি দিয়েছেন এক ব্যতিক্রমী প্রস্তাব।
এচেভেরির মতে, মেসিকে অবসর না নেওয়ার আহ্বান জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশের ফুটবলপ্রেমীদের স্বাক্ষর সংগ্রহ করা উচিত। তাঁর বিশ্বাস, লাখো মানুষের এমন আবেদন হয়তো আর্জেন্টাইন মহাতারকাকে আরও কিছুদিন জাতীয় দলের হয়ে খেলার অনুপ্রেরণা দিতে পারে।
আর্জেন্টাইন গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এচেভেরি বলেন, ‘মেসির অবসর নেওয়ার এখনই সময় হয়নি। মেসির মতো ফুটবলারকে এত দ্রুত আন্তর্জাতিক মঞ্চ থেকে বিদায় নিতে দেওয়া উচিত নয়। ফুটবল ইতিহাসে এমন প্রতিভা খুব কমই আসে, তাই সুযোগ থাকলে তাঁকে আরও একটি বিশ্বকাপে খেলতে দেখা উচিত।’ এচেভেরি মনে করেন, বিশ্বের নানা প্রান্তের সমর্থকদের পক্ষ থেকে একটি যৌথ বার্তা মেসির কাছে পৌঁছে দেওয়া গেলে সেটি বিশেষ গুরুত্ব পেতে পারে।

এমন মন্তব্যের পেছনে অবশ্য বড় কারণও আছে। সদ্য শেষ হওয়া ২০২৬ বিশ্বকাপে বয়সকে যেন একেবারেই গুরুত্ব দেননি মেসি। ৩৯ বছর বয়সেও পুরো আসরে ছিলেন দুর্দান্ত ছন্দে। আট গোল করে আর্জেন্টিনাকে টেনে নিয়েছেন ফাইনালে। ম্যাচের পর ম্যাচ তাঁর নেতৃত্ব, গোল করার ক্ষমতা এবং বড় মুহূর্তে দায়িত্ব নেওয়ার মানসিকতা আবারও প্রমাণ করেছে কেন তিনি এখনও বিশ্বের অন্যতম সেরা ফুটবলার।
এচেভেরির মূল্যায়ন আরও সাহসী। তাঁর মতে, মেসির দীর্ঘ ক্যারিয়ারের সব বিশ্বকাপের মধ্যে এবারই তিনি সবচেয়ে পরিণত এবং সবচেয়ে প্রভাবশালী ফুটবল খেলেছেন। ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি পুরো দলের ওপর তাঁর প্রভাব ছিল চোখে পড়ার মতো। অন্য অনেক তারকার উপস্থিতি থাকলেও মেসিই ছিলেন সবচেয়ে আলাদা।
অবশ্য বাস্তবতা বলছে, ২০৩০ বিশ্বকাপে খেলতে হলে মেসিকে আরও চার বছর আন্তর্জাতিক ফুটবলে টিকে থাকতে হবে। সে সময় তাঁর বয়স হবে ৪৩ বছর। আধুনিক ফুটবলে এমন বয়সে বিশ্বকাপ খেলা খুবই বিরল ঘটনা। তাই অনেকেই মনে করছেন, ২০২৬ বিশ্বকাপই হয়তো তাঁর শেষ বিশ্বকাপ ছিল। কিন্তু এচেভেরির মতো সাবেক তারকারা এখনই সেই অধ্যায়ের ইতি টানতে রাজি নন।











