মাত্র ২৬ বছরেই অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ

ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায়, ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে অস্ট্রেলিয়া মোট ৪৭ বার ইনিংস ব্যবধানে হেরেছে। আর বাংলাদেশ মাত্র ২৬ বছরের টেস্ট ইতিহাসেই সেটিকে ছাড়িয়ে পৌছে গেছে ৪৯-এ।

টেস্ট ক্রিকেটে ইনিংস ব্যবধানে পরাজয় যেকোনো দলের জন্যই অত্যন্ত লজ্জার। একুশ শতকের পরিসংখ্যানে এই লজ্জার তালিকায় সবাইকে ছাড়িয়ে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর গত ২৬ বছরে বাংলাদেশ খেলেছে ১৬২টি টেস্ট, যার মধ্যে রেকর্ড ৪৯টিতেই ইনিংস ব্যবধানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

একুশ শতকে বাংলাদেশ ছাড়া আর কোনো দেশ ৩০টির বেশি টেস্টে ইনিংস ব্যবধানে হারেনি। ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায়, ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে অস্ট্রেলিয়া মোট ৪৭ বার ইনিংস ব্যবধানে হেরেছে। আর বাংলাদেশ মাত্র ২৬ বছরের টেস্ট ইতিহাসেই সেটিকে ছাড়িয়ে পৌছে গেছে ৪৯-এ।

​একুশ শতকে ক্রিকেটের পরাশক্তিগুলোর সঙ্গে বাংলাদেশের ব্যবধানটা আরও স্পষ্ট হয়ে ওঠে। ২০০০ সালের পর থেকে অস্ট্রেলিয়া ২৮৪টি টেস্ট খেলে মাত্র দশটি টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে, যার হারের হার ৩.৫২ শতাংশ।

এই সময়ে ভারত ২৭১টি ম্যাচে ১৬টিতে, নিউজিল্যান্ড ২১১টি ম্যাচে ১২টিতে আর দক্ষিণ আফ্রিকা ২৪৩টি ম্যাচে মাত্র ১১টিতে ইনিংস ব্যবধানে পরাজয়ের স্বাদ পেয়েছে। মজার ব্যাপার হচ্ছে, এই তিন বড় পরাশক্তির একুশ শতকে মোট ইনিংস হার ৩৯টি। যা বাংলাদেশের একক হারের চেয়েও অনেক কম।

তালিকায় পরাজয়ের শতাংশের দিক থেকে বাংলাদেশের ঠিক পরেই রয়েছে জিম্বাবুয়ে। তারা ৯১টি টেস্ট খেলে ২৭টিতে ইনিংস ব্যবধানে হেরেছে। এছাড়াও আফগানিস্তান হেরেছে চারটিতে এবং আয়ারল্যান্ড তিনটিতে।

অন্যান্য টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ ২৪২টি ম্যাচে ইনিংস ব্যবধানে হেরেছে ২৮টিতে, যার হার ১১.৫৭ শতাংশ। শ্রীলঙ্কা ২৩৫টি ম্যাচে হেরেছে ২৫টিতে, যার হারের হার ১০.৬৮ শতাংশ। অন্যদিকে পাকিস্তান ২১৩টি ম্যাচে এই লজ্জা বরণ করেছে ১৯ বার। যার হার ৮.৯২ শতাংশ এবং ইংল্যান্ড ৩৩৬টি টেস্টে ইনিংস ব্যবধানে হারের মুখ দেখেছে ২৭টিতে, যার মাত্র ৮.০৮ শতাংশ।

​যদিও টেস্ট ক্রিকেটে বাংলাদেশ এখন বেশ উন্নতি করছে, বিশ্ব ক্রিকেটের বড় বড় পরাশক্তিদেরও নিজেদের মাটিতে কিংবা বিদেশের মাটিতে হারিয়ে সিরিজ জয়ের ইতিহাস গড়ছে। তবে বাংলাদেশ দল অবশ্যই চাইবে না যে এই লজ্জাজনক ও বিব্রতকর রেকর্ডের বোঝা ভবিষ্যতে তাদের নামের পাশে আরও ভারী হয়ে উঠুক।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link