ওয়েলিংটনে চার-ছক্কার পসরা সাজালেন ড্যারিল মিচেল। আর তাতেই ভারতের বিপক্ষে রানের পাহাড় গড়ল নিউজিল্যান্ড। ম্যাচের শুরুতেই মাত্র ৪ রানে উইকেট হারালে মিচেল আর ফিন অ্যালেনের কাঁধেই বর্তায় নিউজিল্যান্ডের ইনিংসের দায়িত্ব। আর সেই দায়িত্ব পালনে মোটাদাগে সফল তারা। বিশেষ করে মিচেলের নাম বলতেই হয়। একা হাতেই যেন ভারতের বোলারদের ছিন্নভিন্ন করলেন তিনি। দায়িত্ব নিয়ে এগিয়ে যেতে থাকলেন ইনিংস।
৫২ বলে সমান ৫ ছক্কা ও ৫ চারের মারে শেষ পর্যন্ত অপরাজিত থেকে করেন ৮৮ রান, স্ট্রাইকরেট ১৬৯.২৩! যদিও যে গতিতে এগোচ্ছিলেন, মনে হচ্ছিল আজ বুঝি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটে নিজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা করেই ফেলবেন। কিন্তু শেষ অবধি আর হলো না। তবুও এই ইনিংস যে মহাকাব্যিক!
দীর্ঘদিন ধরেই ব্যাটে রানের দেখা মিলছিল না। ওয়ানডে হোক কিংবা টি-টোয়েন্টি, সাদা বলের ক্রিকেটে যেন রানের আকাল পড়েছিল মিচেলের ব্যাটে। বছরের শুরুতে ভারতের বিপক্ষে অতিমানবীয় এক সিরিজ পার করার পর থেকেই ছিলেন ছন্নছাড়া। আর অবশেষে যেই ভারতের বিপক্ষে ম্যাচেই মিলল রানের দেখা।

ম্যাচের ১৯তম ওভারে নীতিশ কুমার রেড্ডির ফুলটস বল সজোরে উড়িয়ে মেরে ছক্কা হাঁকিয়ে সরাসরি আঘাত করলেন সাইটস্ক্রিনে। মাঠের চারপাশে শট খেলে নিজের আগমনী বার্তাটা দিয়ে রাখলেন বটে। ভারতীয় বোলারদের দিশেহারা বানিয়ে ওয়েলিংটনে যা করলেন, তাকে তো কাব্যিক ইনিংস বলাই যায়।
ব্যাটের প্রতিটি স্পর্শেই নতুন করে গল্প লিখছিলেন মিচেল। ওয়েলিংটনের আকাশে চার-ছক্কার আতশবাজি ছড়িয়ে বুঝিয়ে দিলেন, রানখরা পেছনে ফেলে আবারও নিজের চেনা ছন্দে ফিরছেন তিনি।












