প্রস্তুতিহীন ক্লান্ত শরীর নিয়ে প্রোটিয়াদের ডেরায় বাংলাদেশ!

২০০২ থেকে ২০২২ পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় আটটি টেস্ট খেলে সবকটিতেই হেরেছে বাংলাদেশ, পাঁচটিতে ইনিংস ব্যবধানে। ওয়ান্ডারার্সে এর আগে কখনো টেস্ট খেলাও হয়ন। পেস আর বাউন্সের সেই দেশে ক্লান্ত শরীর আর অপ্রস্তুত মন নিয়ে নামাটা শান্তদের জন্য বাড়তি বোঝা হয়েই থাকবে।

ঘরের মাঠের টেস্ট শেষ হতে না হতেই সোজা বিমানবন্দর, বাংলাদেশ দলের কাছে বাড়ি ফেরা এখন শুধু ব্যাগ গুছিয়ে নেওয়ার বিরতি। সোমবার সিলেট টেস্ট ড্র হয়েছে, পরদিন মঙ্গলবারই এক ঝাঁক ক্রিকেটার রওনা দিয়েছেন দক্ষিণ আফ্রিকায়, বাকিরা বুধবার। ১৫ নভেম্বর জোহানেসবার্গে প্রথম টেস্ট, অথচ পুরো দল একসঙ্গে অনুশীলনের সুযোগ পাবে মাত্র দুই দিন।

এই তাড়াহুড়োর পেছনে আছে বছরজুড়ে ঠাসা সূচি। ২০২৬ সালে বাংলাদেশ এখন পর্যন্ত খেলে ফেলেছে ৩২টি আন্তর্জাতিক ম্যাচ, যার মধ্যে ৮টি টেস্ট, ১৪টি ওয়ানডে ও ১০টি টি-টোয়েন্টি। মার্চে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দিয়ে শুরু, এরপর নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আফগানিস্তান আর ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হতে হয়েছে, কখনো ঘরে, কখনো বিদেশে। দক্ষিণ আফ্রিকায় আছে আরও আটটি ম্যাচ, দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি, শেষ ম্যাচ ১৩ ডিসেম্বর। সফর শেষ হলে বছরের হিসাব গিয়ে দাঁড়াবে ৪০ ম্যাচে।

এর প্রভাব মাঠেই চোখে পড়ছে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগেও একই ছবি দেখা গেছে। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলে টেস্ট দলের সাতজন চলে গিয়েছিলেন আমিরাতের ত্রিদেশীয় সিরিজে, সেখান থেকে ঢাকায় ফিরে মিরপুর টেস্টের আগে পুরো দল একসঙ্গে অনুশীলন করার সময় পেয়েছিল দুই দিন, ফল চার দিনের মধ্যেই আট উইকেটের হার। আমিরাত থেকে ঢাকা, ঢাকা থেকে সিলেট, সেখান থেকে আবার দক্ষিণ আফ্রিকা, ক্লান্তি কাটানোর ফুরসত মিলছে কোথায়?

শরীর তো আর যন্ত্র নয়। প্রায় প্রতিটি সিরিজেই দলের কোনো না কোনো গুরুত্বপূর্ণ ক্রিকেটার হয় চোটে পড়ছেন, নয়তো বাদ পড়ছেন। লিটন দাসকে দুইবার বাইরে গিয়ে ফিরতে হয়েছে, নাহিদ রানা ও সাদমান ইসলাম আছেন দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে।

টানা সিরিজ খেলা বড় দলগুলোর জন্যও নতুন কিছু নয়, তবে তারা বেছে নেয় কোন ম্যাচে পূর্ণ শক্তির দল লাগবে আর কোন ম্যাচে বিশ্রাম দিয়ে বিকল্পদের যাচাই করা যাবে। এতে বেঞ্চের ক্রিকেটাররা নিজেদের প্রমাণ করার সুযোগ পান, চোট বা ফর্মহীনতায় কেউ ছিটকে গেলে বদলি তৈরি থাকে। দুর্দান্ত ফর্মে থাকা ভারতের বৈভব সুরিয়াভানশিকেও সব ম্যাচে খেলানো হয় না। বাংলাদেশে চিত্রটা প্রায় উল্টো, আট-নয়জন ক্রিকেটারকে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি সবখানেই মাঠে নামতে হচ্ছে, শরীর আর মনের সাথে সাথে  এর চাপ গিয়ে পড়ছে পারফরম্যান্সে।

ব্যস্ত সূচি ক্রিকেটারদের জন্য খারাপ খবর নয়, খেললে আয়ও হয়, সেটা আলাদা সুবিধা। কিন্তু একই মুখ বারবার খেলতে থাকলে দীর্ঘদিন দল টেনে নেওয়ার মতো ক্রিকেটার আস্তে আস্তে হারিয়ে যায়, আর একসময় দলে এমন কেউ থাকে না যাঁর ওপর ভরসা করে বলা যায়, ম্যাচটা তিনিই জেতাবেন।

সামনে যে পরীক্ষা, সেটা আবার সহজ নয়। ২০০২ থেকে ২০২২ পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় আটটি টেস্ট খেলে সবকটিতেই হেরেছে বাংলাদেশ, পাঁচটিতে ইনিংস ব্যবধানে। ওয়ান্ডারার্সে এর আগে কখনো টেস্ট খেলাও হয়নি। পেস আর বাউন্সের সেই দেশে ক্লান্ত শরীর আর অপ্রস্তুত মন নিয়ে নামাটা শান্তদের জন্য বাড়তি বোঝা হয়েই থাকবে।

Share via
Copy link