স্পেনের পঞ্চম স্তরের একটি ক্লাব ইউই কর্নেলা। লিগে টিকে থাকার লড়াইয়ে যারা পয়েন্ট টেবিলের রেলিগেশন জোনের কাছাকাছি ধুঁকছিল। অথচ লিওনেল মেসি এই দলটির মালিকানা নেওয়ার পর গত কয়েক মাসে তাদের সবকিছুতেই যেন আমূল পরিবর্তন। ইনস্টাগ্রামের জনপ্রিয়তায় তারা পেছনে ফেলে দিয়েছে লা লিগার ক্লাব এস্পানিওলকেও।
মেসির ছোঁয়া লাগার পর থেকেই কর্নেলার ভাগ্যাকাশে যেন রূপকথার পরিবর্তন এসেছে। ক্লাবটির সোশ্যাল মিডিয়া ফলোয়ার মাত্র ৩৫ হাজার থেকে লাফিয়ে পৌঁছে গেছে দশ মিলিয়নেরও বেশি ঘরে। ইনস্টাগ্রামের জনপ্রিয়তায় তারা এখন স্পেনের ১২তম সর্বোচ্চ ফলোয়ার বিশিষ্ট ক্লাব। অ্যাডিডাস ও মাইইনভেস্টরের মতো বৈশ্বিক স্পন্সরদের সাথে চুক্তি সম্পন্ন হয়েছে তাদের।
প্রথমবারের মতো অনলাইনে ‘মেসি টেন’ লেখা সবুজ জার্সি বিক্রির সুযোগ ক্লাবটিকে এক নতুন বাণিজ্যিক উচ্চতায় নিয়ে গেছে। এছাড়া, মূল দলের পাশাপাশি নারী দল গঠন এবং রিজার্ভ দল চালুর মাধ্যমে মেসি ক্লাবটিকে কাঠামোগতভাবে শক্তিশালী করার বার্তা স্পষ্ট করে দিয়েছেন।

অবশ্য মাঠের খেলায় এর তাৎক্ষণিক সুফল এখনো পুরোপুরি দেখা যায়নি। তবে ক্লাবটির মূল শক্তি বা প্রাণভোমরা লুকিয়ে আছে তাদের বিশ্বমানের যুব একাডেমিতে।
বার্সেলোনা, এস্পানিওলের মতো জায়ান্টদের ঠিক পরেই স্পেনের সেরা যুব একাডেমির তালিকায় কর্নেলার অবস্থান। জর্দি আলবা, ডেভিড রায়া কিংবা জেরার্ড মার্টিনের মতো তারকারা অতীতে এই মাঠ থেকেই নিজেদের ক্যারিয়ারের ভিত্তি গড়েছিলেন। মেসির অধীনে এখন শত শত তরুণ খেলোয়াড় ক্লাবটির অ্যাকাডেমিতে আগামীর স্বপ্ন বুনছেন।
তবে এই স্বপ্নের পথে কিছু প্রশাসনিক ও আইনি জটিলতাও রয়েছে। স্পেনের দ্বিতীয় ডিভিশনের ক্লাব এলদেন্সের মালিকানাও গত মাসে কিনেছেন মেসি। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী, একই প্রতিযোগিতায় এক মালিকের দুই ক্লাব অংশ নিতে পারবে না। যদিও ক্লাবগুলোর মাঝে বেশ কয়েকটি ডিভিশনের ব্যবধান থাকায় একই লিগে খেলার সম্ভাবনা আপাতত ক্ষীণ।

সব মিলিয়ে, কর্নেলাকে নিয়ে মেসির পরিকল্পনা কেবল পঞ্চম স্তরের একটি দলকে লা লিগায় তোলার চিরাচরিত রূপকথা নয়। এটি হলো একটি শক্তিশালী যুব একাডেমি, স্বয়ংসম্পূর্ণ বাণিজ্যিক মডেল এবং সুদূরপ্রসারী কাঠামোর ওপর দাঁড়িয়ে স্প্যানিশ ফুটবলে এক নতুন সাম্রাজ্য গড়ে তোলার সাহসী ও সুদূরপ্রসারী এক উদ্যোগ।











