ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের চতুর্থ ওয়ানডের দিকে চোখ বুলানো হলে ম্যাচ উইনার হিসেবে একটা নামই সামনে আসবে, ম্যাট হেনরি। ৬ উইকেট নিয়ে ভারতকে ৮৯ রানে গুটিয়ে দিয়ে তিনিই ম্যাচসেরা হয়েছেন। অন্যদিকে পুরো সিরিজে ভারতের বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল নামটা গুরনুর ব্রারের, চার ম্যাচ খেলে তিন ইনিংসে নিয়েছেন ৯ উইকেট।
অথচ রোববারের পঞ্চম ওয়ানডের একাদশ দেখলে চোখ কপালে ওঠার মতো অবস্থা। দুজনের কেউই নেই, নিউজিল্যান্ডের সামনে সিরিজ সমতায় ফেরানোর সুযোগ, তবু সেরা বোলার হেনরি দলের বাইরে, কারণ ১৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে টেস্ট সিরিজ সেজন্যে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। ভারতও একই পথে হেঁটেছে, ব্রার ভারতের টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন, তাই শেষ ওয়ানডেতে তাঁকে আর খেলানো হচ্ছে না।
এই সিরিজে নিউজিল্যান্ডের ভাবনাটা ধাপে ধাপে সাজানো। যাঁরা তিন ফরম্যাটেই খেলেন, তাঁদের একজন একজন করে বিশ্রাম দেওয়া হয়েছে। প্রথমে ড্যারিল মিশেল, গ্লেন ফিলিপস আর টম ল্যাথাম, আর পঞ্চম ম্যাচে ম্যাট হেনরি। উদ্দেশ্য একটাই, টেস্টের আগে যেন সবাই শারীরিক ও মানসিকভাবে সেরা অবস্থায় থাকে, কেউ যেন ক্লান্ত হয়ে না পড়ে।ভারতও তাই করেছে। চতুর্থ ওয়ানডে থেকে নিয়মিত অধিনায়ক শুভমান গিল, কেএল রাহুল আর আনশুল কম্বোজকে বিশ্রাম দিয়ে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে শ্রেয়াস আইয়ারকে।

আসল কথা হলো, দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের জয়পরাজয় নিয়ে এই দলগুলোর খুব একটা মাথাব্যথা নেই। ওয়ানডে তাদের কাছে খেলোয়াড় যাচাই করা আর ভবিষ্যতের দল গড়ার সুযোগ। আসল লক্ষ্য টেস্ট জেতা, আর টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন নিউজিল্যান্ড এক নম্বরে, ভারত চারে। দুই দলের সামনেই ফাইনাল খেলার দরজা খোলা, আর সেখানে পৌঁছাতে সেরা খেলোয়াড়দের ফিট রাখা সবচেয়ে জরুরি। তাই সিরিজের সিদ্ধান্ত হতে পারে এমন ম্যাচেও সেরা বোলারকে কিউইরা অনায়াসে বলে দিতে পারে, যাও, টেস্টের জন্য তৈরি হও। নিজের দামি সম্পদকে অকারণে খাটিয়ে নষ্ট না করা, এটাই এখন সবার জন্য নিয়ম হয়ে দাঁড়িয়েছে।
এখন নিউজিল্যান্ড বা ভারতের জায়গায় বাংলাদেশ থাকলে কী হতো? আমরা হয়তো বলতাম আগের ম্যাচ জেতা দল ভাঙা যাবে না,উইনিং কম্বিনেশন ভাঙলে দলে ইফেক্ট পরবে।! আর কোনো বোলার ৫ উইকেট নিলে পরের ম্যাচে, তা-ও আবার সিরিজ নির্ধারণী ম্যাচে, তাকে বসানোর প্রশ্নই ওঠে না। বিসিবি বলে, তারা ওয়ার্কলোড ম্যানেজ করেই খেলায়।

কিন্তু প্রতিটা খেলোয়াড়ের শরীর আলাদা, তাঁর লোডও আলাদা, সবাইকে একই ছকে মাপা যায় না। জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি খেলতে গিয়ে চোট পেয়ে নাহিদ রানা অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন। বিসিবির যুক্তি, জিপিএসে লোড মেপেই তাঁকে খেলানো হয়েছিল, কিন্তু ফলটা তো সামনেই। নাহিদ না থাকায় পেস আক্রমণের বড় ভার এখন হাসান মাহমুদের কাঁধে। অথচ মাসের পর মাস টানা খেলে যাওয়ায় তাঁর কনুইয়ের ইনজুরির ব্যথা বেড়েছে, যেকোনো মুহূর্তে তিনি আবার চোটে পড়তে পারেন।
আফগানিস্তানের বিপক্ষে টেস্টটা টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশই ছিল না, অথচ সেখানেও নতুনদের যাচাইয়ের সুযোগ কাজে লাগানো হয়নি।মুশফিকের মত অভিজ্ঞ খেলোয়ারকে কে খেলানো হয়েছে হৃদয় কে বেঞ্চে বসিয়ে। অনেক বছর পর আইসিসির বড় একটা আসরে, তা-ও আবার সবচেয়ে মর্যাদার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সম্ভাবনা আমাদের সামনে ছিল। সুযোগটাকে আমরা ঠিকমতো গুরুত্ব দিইনি, খেলোয়াড়দের নিয়ে পরিকল্পনাও সাজাইনি। ফলে বছরের পর বছর শুধু আশাই জাগিয়ে যাচ্ছি, কাঙ্ক্ষিত ফল আর আসছে না।











