নভেম্বর মাস, বাংলাদেশের সৌভাগ্যের আরেক নাম!

প্রথম টেস্ট সেঞ্চুরি এসেছিল নভেম্বরে, ৫০তম টেস্ট সেঞ্চুরির সাক্ষীও হয়েছিল এই নভেম্বর। আর সর্বশেষ, শততম টেস্ট সেঞ্চুরির দেখাও মিলল সেই একই মাসে! বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নভেম্বর যেন সৌভাগ্যেরও আরেক নাম।

প্রথম টেস্ট সেঞ্চুরি এসেছিল নভেম্বরে, ৫০তম টেস্ট সেঞ্চুরির সাক্ষীও হয়েছিল এই নভেম্বর। আর সর্বশেষ, শততম টেস্ট সেঞ্চুরির দেখাও মিলল সেই একই মাসে! বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নভেম্বর যেন সৌভাগ্যেরও আরেক নাম।

যে যাত্রার শুরু হয়েছিল একটি সেঞ্চুরি দিয়ে, দীর্ঘ ১৮ বছরের অপেক্ষা পেরিয়ে পূর্ণ হয়েছিল সেঞ্চুরির অর্ধশতক। অথচ পরের ৫০টি সেঞ্চুরি পেতে অপেক্ষা করতে হয়েছে মাত্র আট বছর! ধীর পায়ে এগিয়ে চলা সেই পথচলায় এবার যুক্ত হলো তিন অঙ্কের এক বিশেষ মাইলফলক। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সেঞ্চুরির সংখ্যা এখন ১০০!

ফিরে যাওয়া যাক ২৬ বছর আগে, ২০০০ সালের ১১ নভেম্বর। বাংলাদেশের টেস্ট ইতিহাসের দ্বিতীয় দিন। ভারতের বিপক্ষে আগের দিন ৭০ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল।শেষ পর্যন্ত তাঁর ব্যাট থেকে এল ১৪৫ রানের অনন্য এক ইনিংস। বাংলাদেশের অভিষেক টেস্টেই প্রথম সেঞ্চুরি।

শুধু বাংলাদেশের জন্যই নয়, বিশ্ব ক্রিকেটেও ছিল সেটি বিরল এক কীর্তি। অভিষেক টেস্টে সেঞ্চুরি করার গৌরব এর আগে অর্জন করেছিলেন মাত্র দুজন ক্রিকেটার।

এরপর অপেক্ষা। দীর্ঘ ১৮ বছরের পথ পেরিয়ে ২০১৮ সালের ১১ নভেম্বর পূর্ণ হয় বাংলাদেশের টেস্ট সেঞ্চুরির অর্ধশতক। কাকতালীয়ভাবে দিনটি ছিল সেই একই ১১ নভেম্বর! জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি করে মাইলফলকটি ছুঁয়েছিলেন মুমিনুল হক সৌরভ।

আর সেঞ্চুরির সেঞ্চুরি পূর্ণ হলো আরেক নভেম্বরেই। তবে এবার ১১ নয়, তারিখটা ১৬। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন অঙ্কের ম্যাজিক্যাল সেই সংখ্যায় পৌঁছে গেলেন লিটন দাস। তাঁর ব্যাটেই পূর্ণতা পেল বাংলাদেশের টেস্ট ক্রিকেটের শততম সেঞ্চুরি। নবম দেশ হিসেবে টেস্ট ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি পূর্ণ করল বাংলাদেশ। ১৬৫তম টেস্টে এসে এই মাইলফলক ছুঁল দল।

এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের ব্যাটাররা সর্বোচ্চ তিনবার ৯টি করে সেঞ্চুরি করেছেন। প্রথমবার ২০১৪ সালে, এরপর ২০২৫ সালে এবং সর্বশেষ ২০২৬ সালে। চলতি দক্ষিণ আফ্রিকা সফরেই আরেকটি সেঞ্চুরি যোগ হলে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির নতুন রেকর্ড গড়বে বাংলাদেশ।

১৬৫টি টেস্টে বাংলাদেশের হয়ে মাঠে নেমেছেন ১১২ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে সেঞ্চুরির দেখা পেয়েছেন ২৯ জন। আমিনুল ইসলাম বুলবুলকে দিয়ে শুরু হওয়া সেই তালিকায় সর্বশেষ সংযোজন লিটন কুমার দাস।

 

দশকভিত্তিক পরিসংখ্যানেও চোখে পড়ে বাংলাদেশের এগিয়ে চলার গল্প। প্রথম দশকে ৬১ টেস্ট খেলে সেঞ্চুরি এসেছিল ১৫টি। পরের দশকে ৫৬ ম্যাচে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪২-এ। আর তৃতীয় দশকের গল্পটা যেন আরও আশাব্যঞ্জক। এই দশক এখনো শেষ হয়নি। হয়েছে কেবলই ছয়টি বছর। এরই মধ্যে ৪৮ টেস্ট খেলে বাংলাদেশের ব্যাটসম্যানরা তুলে নিয়েছেন ৪৩টি সেঞ্চুরি!

মর্যাদার টেস্ট ফরম্যাটে বাংলাদেশ এখনো নিজেদের পায়ের তলার মাটি খুঁজে পায়নি পুরোপুরি। আরও অনেক মাইলফলক অপেক্ষায়। তবে বিশ্বাস তো রাখাই যায় যে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতেই একদিন পৌঁছে যাওয়া যাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে!

লেখক পরিচিতি

আল ওয়াসি তালুকদার

সাব এডিটর

Share via
Copy link